গৌরীপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কলেজছাত্রীর আত্মহত্যা

গৌরীপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কলেজছাত্রীর আত্মহত্যা

ময়মনসিংহের গৌরীপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে লামিয়া আক্তার মিম (২১) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ৭টার দিকে গৌরীপুর রেলজংশনের আউটার সিগন্যালের কাছে এ ঘটনা ঘটে।

নিহত মিম উপজেলার গাভীশিমুল গ্রামের সাদিকুল ইসলামের মেয়ে এবং গৌরীপুর সরকারি কলেজের মনোবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী।

পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের জেরে গত বছরের সেপ্টেম্বরে রাকিব নামে এক যুবকের সঙ্গে গোপনে বিয়ে করেন লামিয়া। সম্প্রতি বিষয়টি জানাজানি হলে রাকিবের পরিবার এই বিয়ে মেনে নিতে অস্বীকার করে এবং লামিয়ার সাথে দুর্ব্যবহার করে। রোববার রাত থেকে রাকিব যোগাযোগ বন্ধ করে দিলে মানসিকভাবে ভেঙে পড়েন লামিয়া। এরই জেরে সোমবার ভোরে তিনি ট্রেনের নিচে ঝাঁপ দেন বলে ধারণা করা হচ্ছে।

গৌরীপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, সকাল সাড়ে ৯টার দিকে গজন্দর এলাকা থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

গৌরীপুর রেলওয়ে স্টেশন মাস্টার সফিকুল ইসলাম জানান, ময়মনসিংহ থেকে জারিয়াগামী লোকাল ট্রেনটি সকাল ৬টা ৪২ মিনিটে গৌরীপুর জংশন থেকে শ্যামগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়। ওই ট্রেনের নিচেই ঝাঁপ দিয়ে ছাত্রীটি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক তথ্যে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *