নির্বাচনী প্রচারণায় পোস্টার ও ব্যানার ব্যবহার নিয়ে ইসির গুরুত্বপূর্ণ নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সারাদেশে শুরু হয়েছে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা। এ প্রেক্ষাপটে পোস্টার ও ব্যানার ব্যবহার নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন কমিশনের আচরণ বিধিমালা অনুযায়ী, গত ২২ জানুয়ারি থেকে শুরু হওয়া নির্বাচনী প্রচারণা ভোট গ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে বন্ধ করতে হবে। সে হিসাবে আগামী ১০ ফেব্রুয়ারি রাত ১২টার মধ্যে সব ধরনের নির্বাচনী প্রচার কার্যক্রম সম্পূর্ণভাবে শেষ করতে হবে।
ইসির ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’-এর ৭ (ক) ধারায় নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে ৭ (খ) ধারায় পরিবেশের জন্য ক্ষতিকর অপচনশীল দ্রব্য—যেমন রেক্সিন, পলিথিন বা প্লাস্টিক দিয়ে তৈরি কোনো ধরনের ব্যানার, লিফলেট বা প্রচারপত্র ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
বিধিমালার ৭ (ঙ) ধারায় বলা হয়েছে, ইলেকট্রনিক ও ডিজিটাল মাধ্যম ছাড়া অন্যান্য সব প্রচার সামগ্রী—ব্যানার, লিফলেট, হ্যান্ডবিল ও ফেস্টুন—অবশ্যই সাদা-কালো রঙের হতে হবে। ব্যানারের সর্বোচ্চ আয়তন নির্ধারণ করা হয়েছে ১০ ফুট বাই ৪ ফুট, লিফলেট বা হ্যান্ডবিল এ-ফোর সাইজের মধ্যে, এবং ফেস্টুনের আয়তন ১৮ ইঞ্চি বাই ২৪ ইঞ্চির বেশি নয়। এছাড়া এসব প্রচার সামগ্রীতে প্রার্থীর নিজের ছবি ও প্রতীক ছাড়া অন্য কোনো ব্যক্তির ছবি বা প্রতীক ব্যবহার করা যাবে না।
এদিকে ব্যানার ব্যবহারের বিষয়ে সম্প্রতি একটি স্পষ্টীকরণ নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন। ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক চিঠিতে রিটার্নিং অফিসারদের জানানো হয়েছে—ব্যানার আনুভূমিক বা উলম্ব যেভাবেই ব্যবহার করা হোক না কেন, এর আয়তন ১০ ফুট বাই ৪ ফুটের মধ্যে থাকলেই তা বৈধ বলে গণ্য হবে।
অন্যদিকে, নির্বাচনী প্রচারণায় পোস্টার মুদ্রণ থেকে বিরত থাকতে মুদ্রণালয় ও ছাপাখানার প্রতি কড়া নির্দেশ দিয়েছে ইসি। ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি কিছু এলাকায় পোস্টার ব্যবহারের ঘটনা নজরে এসেছে, যা আচরণ বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন এবং শাস্তিযোগ্য অপরাধ।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নিবন্ধিত রাজনৈতিক দল, তাদের মনোনীত প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী কিংবা তাদের পক্ষে প্রচারণায় যুক্ত সবাইকে আচরণ বিধিমালা কঠোরভাবে মেনে চলতে হবে। একই সঙ্গে মুদ্রণালয় ও ছাপাখানাগুলোকে নির্বাচনী প্রচারণার জন্য কোনো ধরনের পোস্টার মুদ্রণ না করার নির্দেশ দেওয়া হয়েছে।