গাজীপুর-২ আসনের এনসিপি প্রার্থীকে গাড়ি চাপা দিয়ে হত্যার চেষ্টা

গাজীপুর-২ আসনের এনসিপি প্রার্থীকে গাড়ি চাপা দিয়ে হত্যার চেষ্টা

গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর-২ আসনের এনসিপি প্রার্থীকে গাড়ি চাপা দিয়ে হত্যার চেষ্টার অভিযোগ এনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন ১১ দলীয় জোটের শাপলা কলি প্রতীকের প্রার্থী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোঃ আলী নাছের।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী রোববার সন্ধ্যায় মহানগরীর ১৯, ২০, ২১, ২২ ও ২৩ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারণা চালানো হচ্ছিল। এ বিষয়ে প্রয়োজনীয় সব তথ্য আগেই প্রশাসনকে অবহিত করা হয়েছিল।
তিনি জানান, মাগরিবের নামাজের পর পোড়াবাড়ি বাজার এলাকা থেকে প্রায় ২০০ গজ সামনে বাম পাশের একটি গলিতে পৌঁছালে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনির দুটি প্রচার মাইক উচ্চ শব্দে প্রচারণা শুরু করে। এ সময় শব্দ কিছুটা কমানোর অনুরোধ জানালে উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্কের সৃষ্টি হয়।
পরবর্তীতে তারা নিজ নিজ লোকজন নিয়ে মূল সড়কে প্রচারণা চালাতে গেলে বিএনপি প্রার্থীর কর্মীরা পুনরায় বাধা সৃষ্টি করে বলে অভিযোগ করেন অ্যাডভোকেট আলী নাছের। একপর্যায়ে বিএনপি প্রার্থীর কয়েকজন কর্মী পরিকল্পিতভাবে প্রচারণা কার্যক্রমে বিঘ্ন ঘটায়।
তিনি আরও অভিযোগ করেন, ঘটনার কিছুক্ষণ পর একটি সাদা রঙের মাইক্রোবাস ও কয়েকটি মোটরসাইকেল দ্রুতগতিতে এসে এনসিপি প্রার্থী ও তার কর্মীদের লক্ষ্য করে চাপা দেওয়ার চেষ্টা চালায়। এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পান সংশ্লিষ্টরা। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সংবাদ সম্মেলনে তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং নির্বাচনী পরিবেশ নিরাপদ রাখতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে বিএনপি প্রার্থী পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে জিএমপি কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযোগটি তারা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *