দেশজুড়ে অবহেলিত মা–বাবাদের শেষ আশ্রয় ‘বকসা বৃদ্ধাশ্রম’

দেশজুড়ে অবহেলিত মা–বাবাদের শেষ আশ্রয় ‘বকসা বৃদ্ধাশ্রম’

রংপুর প্রতিনিধি:
দেশজুড়ে অবহেলিত ও অসহায় মা–বাবাদের শেষ আশ্রয়স্থল হয়ে উঠেছে রংপুরের ময়নাকুটি বকসা এলাকার ‘বকসা বৃদ্ধাশ্রম’। রংপুর শহর থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থিত এই বৃদ্ধাশ্রমে আশ্রয় নিয়েছেন অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী, ব্যাংকার, হোমিও চিকিৎসক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বৃদ্ধ মা–বাবা।
২০২২ সালে যাত্রা শুরু করা ‘বকসা বৃদ্ধাশ্রম’-এ বর্তমানে ২৫ জন মা–বাবা বসবাস করছেন। সন্তানদের অবহেলা ও অবজ্ঞার শিকার হয়ে জীবনের শেষ প্রান্তে এসে তারা এখানে খুঁজে পেয়েছেন শান্তি, নিরাপত্তা ও মানবিক যত্নের ছায়া।
বৃদ্ধাশ্রমে আশ্রয় নেওয়া মা–বাবারা জানান, জীবনের সেরা সময় সন্তানদের মানুষ করতে ব্যয় করলেও শেষ বয়সে অনেকেই একা হয়ে পড়েন। কেউ শারীরিক অসুস্থতা, কেউ মানসিক নির্যাতন ও অবহেলার কারণে বাধ্য হয়ে বৃদ্ধাশ্রমে আশ্রয় নিতে হয়েছে। তবে এখানে এসে তারা পরিবারিক পরিবেশ, নিয়মিত খাবার, চিকিৎসা ও সহানুভূতিশীল আচরণ পাচ্ছেন।
বৃদ্ধাশ্রমটির প্রতিষ্ঠাতা রেজাউল করিম বলেন,
“সমাজে অনেক মা–বাবা আছেন, যাদের সন্তান থাকা সত্ত্বেও শেষ বয়সে অবহেলার শিকার হতে হয়। তাদের জন্যই ‘বকসা বৃদ্ধাশ্রম’-এর যাত্রা শুরু। এখানে আমরা মা–বাবাদের সম্মান, ভালোবাসা ও নিরাপত্তার সঙ্গে রাখার চেষ্টা করছি।”
তিনি আরও বলেন,
“এই বৃদ্ধাশ্রম কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান নয়। সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের সহযোগিতায় এটি পরিচালিত হচ্ছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে অসহায় মা–বাবাদের সেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে।”
স্থানীয়দের মতে, ‘বকসা বৃদ্ধাশ্রম’ শুধু একটি আশ্রয়স্থল নয়, বরং অবহেলিত মা–বাবাদের জন্য মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা পেলে এ ধরনের উদ্যোগ আরও বিস্তৃত হবে বলে তারা আশা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *