ফেব্রুয়ারির শুরুতেই মিলছে টানা চার দিনের ছুটি
ফেব্রুয়ারি মাসের শুরুতেই সরকারি চাকরিজীবীদের জন্য টানা চার দিনের ছুটি কাটানোর সুযোগ তৈরি হয়েছে। ইসলামী ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, আগামী ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। এ উপলক্ষে ৪ ফেব্রুয়ারি (বুধবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
এ অবস্থায় কেউ যদি ৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) এক দিনের ছুটি নেন, তাহলে তার সঙ্গে যুক্ত হবে ৬ ও ৭ ফেব্রুয়ারি, যা যথাক্রমে শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটি। ফলে মাত্র এক দিনের ছুটি নিলেই সরকারি কর্মচারীরা টানা চার দিনের দীর্ঘ ছুটি উপভোগ করতে পারবেন।
এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রকাশিত ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, চলতি বছরে মোট ১৪ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি নির্ধারিত রয়েছে। এর মধ্যে ৯ দিন শুক্র ও শনিবারে পড়েছে।
এ ছাড়া ২০২৬ সালে ধর্মভিত্তিক ঐচ্ছিক ছুটি নির্ধারণ করা হয়েছে—
মুসলিম ধর্মাবলম্বীদের জন্য: ৫ দিন
হিন্দু ধর্মাবলম্বীদের জন্য: ৯ দিন
খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য: ৮ দিন
বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য: ৭ দিন
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সরকারি কর্মচারীদের জন্য: ২ দিন
ফেব্রুয়ারির শুরুতেই এই ছুটির সুযোগ সরকারি কর্মচারীদের জন্য স্বস্তির বার্তা নিয়ে এসেছে।