সাভারে ৭ মাসে ৬টি হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে গ্রেপ্তার “সাইকো সম্রাট”

নিজস্ব প্রতিবেদক, সাভার
ঢাকার সাভারে পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টার ও আশপাশ থেকে গত সাত মাসে ৬টি মরদেহ উদ্ধারের ঘটনায় পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে মশিউর রহমান খান সম্রাট (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তাকে আজ সোমবার সকালে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
সাভার মডেল থানার পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মশিউর ছয়টি হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস ও ট্রাফিক উত্তর) আরাফাতুল ইসলাম।
ঘটনার পেছনের কাহিনি
পুলিশ বলছে, দিনভর সম্রাট সরকারি হাসপাতাল, থানার সামনে ও সাভারের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতেন। হাত পেতে মানুষের কাছ থেকে টাকা নিতেন। মাঝে মাঝে স্বাভাবিক, আবার কখনও অপ্রস্তুত ও অদ্ভুত আচরণ করতেন—এ কারণে স্থানীয়রা তাকে “সাইকো সম্রাট” নামে ডাকত।
কিন্তু রাতের বেলায় তিনি এক ভয়ংকর রূপ ধারণ করতেন। গত ৭ মাসে তিনি ৬ জনকে হত্যা করে তাদের লাশ রাতের বেলায় পরিত্যক্ত সাভার পৌর কমিউনিটি সেন্টারে ফেলে রাখতেন।
কিভাবে ধরেছে পুলিশ?
সাভার মডেল থানা থেকে মাত্র ৫শ গজ দূরে এবং সাভার সরকারি কলেজ সংলগ্ন ব্যস্ত থানার রোডের পাশে এই কমিউনিটি সেন্টারে একের পর এক লাশ পাওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশও তদন্তে বাধার মুখে পড়ে। পরে তারা গোপনে ওই কমিউনিটি সেন্টারে একটি সিসি ক্যামেরা স্থাপন করে।
গত রোববার দুপুরে আগুনে পোড়া দুই লাশ উদ্ধার হওয়ার পর সিসিটিভি ফুটেজে দেখা যায় সম্রাট লাশ কাঁধে তুলে নিয়ে যাচ্ছে। এরপরই তাকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরও তথ্য
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সম্রাট কমিউনিটি সেন্টারে ৫টি হত্যাকাণ্ডের সঙ্গে সাথে সাভার মডেল মসজিদের পাশে এক বৃদ্ধাকে হত্যা করার কথাও স্বীকার করেছেন।
এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা, সেই তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে চাওয়া হয়েছে।
গ্রেপ্তারকৃতের পরিচয়
গ্রেপ্তারকৃত মশিউর রহমান খান সম্রাট (৩৫) সাভার পৌর এলাকার ব্যাংক কলোনী মহল্লার মৃত সালামের ছেলে। তিনি সাভার থানার আশপাশে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতেন।
গত রোববার দুপুরে সাভার পৌর এলাকা থেকে তাকে গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার করে। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি শুধু বাবার নাম ও মহল্লার নামই জানিয়েছিলেন।
পুলিশের বক্তব্য
ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম বলেন,
সিসিটিভি ফুটেজে দেখা যায় একজন ভবঘুরে মরদেহ কাঁধে নিয়ে যাচ্ছেন। ভিডিও দেখে তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তাকে “পাগল” মনে হয়নি—মানসিক ভারসাম্যহীনতার কোনো লক্ষণ পাওয়া যায়নি।
তিনি আরও জানান, নিহত ৬ জনের মধ্যে ১ জনের পরিচয় পাওয়া গেলেও বাকি ৫ জনের পরিচয় নিশ্চিত করা যায়নি। তাদের পরিচয় নিশ্চিত করতে পুলিশ কাজ করছে।
পূর্ববর্তী লাশ উদ্ধারের তথ্য
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী জানান,
গত রোববার দুপুরে ৯৯৯ কল করে কমিউনিটি সেন্টারে দুইটি মরদেহ পড়ে আছে এমন খবর পায় পুলিশ। খবর পেয়ে পুলিশ ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে আগুনে পোড়া দুই লাশ উদ্ধার করে।
এ ঘটনায় পুলিশ হত্যা মামলা দায়ের করেছে।
পুলিশের তথ্যমতে, গত বছরের বিভিন্ন সময়ে ওই এলাকায় উদ্ধার হওয়া লাশগুলো হলো:
৪ জুলাই: সাভার মডেল মসজিদের পাশে চায়ের দোকানের পেছন থেকে ৭৫ বছর বয়সী আসমা বেগমের মরদেহ উদ্ধার।
২৯ আগস্ট: কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলা থেকে অজ্ঞাত পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার।
১১ অক্টোবর: একই তলা থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার।
১৯ ডিসেম্বর: একই তলা থেকে আগুনে পোড়া অর্ধগলিত অজ্ঞাত পুরুষের মরদেহ উদ্ধার।
গত রোববার: একই তলা থেকে আগুনে পোড়া অজ্ঞাত পুরুষ (২৫) ও এক শিশু (১৩) মেয়ের মরদেহ উদ্ধার।