শ্রীপুরে মাছ ধরার সময় জেলের জালে উঠল ৭টি ককটেল

শ্রীপুরে মাছ ধরার সময় জেলের জালে উঠল ৭টি ককটেল

গাজীপুর প্রতিনিধি :
গাজীপুরের শ্রীপুর পৌরসভা এলাকায় মাছ ধরার সময় জেলের জালে ৭টি ককটেল উঠে আসার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে পৌরসভার মাওনা পিয়ার আলী কলেজ সংলগ্ন একটি পুকুর থেকে এসব ককটেল উদ্ধার করা হয়।
স্থানীয় জেলে জাহাঙ্গীর আলম জানান, সকালে তিনি ও আরও দুইজন মাছ ব্যবসায়ী পিয়ার আলী কলেজের পাশের একটি পুকুরে জাল ফেলেন। জাল টেনে তীরে আনার পর মাছের সঙ্গে একটি ভারী ব্যাগ আটকে থাকতে দেখা যায়। ব্যাগটি খুলে দেখা যায়, ভেতরে ইট দিয়ে বাঁধা অবস্থায় ককটেল সদৃশ কয়েকটি বস্তু রয়েছে। বিষয়টি বুঝতে পেরে আতঙ্কিত জেলেরা তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’-এ কল করে পুলিশকে জানান।
খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। নিরাপত্তার স্বার্থে পুকুরপাড়ের একটি নির্দিষ্ট অংশ ঘিরে রাখা হয়। পরে সাভারের ৯ পদাতিক ডিভিশনের ৮ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে এসে ব্যাগের ভেতর থেকে ৭টি তাজা ককটেল উদ্ধার করে।
পুকুর থেকে ককটেল উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে এলাকায় উৎসুক জনতার ভিড় জমে। জনবহুল এলাকায় এভাবে বিস্ফোরক উদ্ধারের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,
“জেলেরা জাল টানার সময় ইট দিয়ে মোড়ানো ব্যাগভর্তি ককটেল উদ্ধার করে। ককটেলগুলো বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শ অনুযায়ী এগুলো নিষ্ক্রিয় করার ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও জানান, কারা এবং কী উদ্দেশ্যে ককটেলগুলো পুকুরে ফেলে গেছে—তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *