“দেশের চাবি আপনার হাতে” শীর্ষক আলোচনায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

“দেশের চাবি আপনার হাতে” শীর্ষক আলোচনায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

  1. গাজীপুর প্রতিনিধি :
    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গণভোট-২০২৬কে সামনে রেখে ভোটাধিকার নিশ্চিতকরণ, গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা এবং জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের গঠনমূলক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও ঢাকা বিভাগীয় কমিশনার সরফ উদ্দিন আহমদ চৌধুরী।
    বুধবার সকালে গাজীপুর শহরের বঙ্গতাজ অডিটোরিয়ামে গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গণভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমেই আগামী দিনের বাংলাদেশ কেমন হবে—তার একটি স্পষ্ট দিকনির্দেশনা পাওয়া যাবে।
    তিনি বলেন, নির্বাচন ও গণভোটে অধিকসংখ্যক মানুষের অংশগ্রহণ এবং সচেতন সিদ্ধান্ত গ্রহণ নিশ্চিত করতেই গাজীপুর সিটি কর্পোরেশন মাসব্যাপী ব্যাপক জনসচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করেছে। লিফলেট বিতরণ, ব্যানার ও বিলবোর্ড স্থাপন, মাইকিং এবং ভ্রাম্যমাণ গাড়িতে ভিডিওচিত্র প্রদর্শনের মাধ্যমে ভোটারদের মধ্যে গণভোটের গুরুত্ব তুলে ধরা হচ্ছে। এসব কার্যক্রম সফল করতে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।
    সরফ উদ্দিন আহমদ চৌধুরী আরও বলেন, মানুষের ভোটাধিকার রক্ষা এবং একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে প্রশাসন সর্বোচ্চ সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করছে। বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারে কান না দিয়ে সবাইকে সত্য ও ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। প্রশাসন, নির্বাচন সংশ্লিষ্ট সংস্থা ও গণমাধ্যম একযোগে দায়িত্বশীল ভূমিকা পালন করলে নির্বাচন ঘিরে কোনো অস্থিরতা তৈরি হবে না বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
    গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসানের সভাপতিত্বে এবং সিটি কর্পোরেশনের সচিব আমিন আল পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গাজীপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন।
    তিনি বলেন, নির্বাচন ও গণভোটে প্রশাসন সম্পূর্ণ নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করবে। ভোটারদের নিরাপত্তা, ভোটকেন্দ্রের শৃঙ্খলা এবং ভোটগ্রহণ প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। যেকোনো অভিযোগ দ্রুত যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি আশ্বস্ত করেন।
    মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা নির্বাচন ও গণভোট সংশ্লিষ্ট বিভিন্ন প্রশ্ন ও মতামত তুলে ধরেন। এ সময় প্রধান অতিথি ও জেলা রিটার্নিং কর্মকর্তা নির্বাচনকালীন প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন।
    সভায় গাজীপুর জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। অংশগ্রহণকারীরা জানান, এই মতবিনিময় সভা নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা আরও সুদৃঢ় করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *