ঠাকুরগাঁওয়ের জামায়াত প্রার্থীর সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সুষ্ঠু ভোটগ্রহণ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ঠাকুরগাঁও-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন। এ বিষয়ে তিনি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করে অভিযোগ তুলে ধরেন।
শনিবার (১০ জানুয়ারি) জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ইশরাত ফারজানার কার্যালয়ে গিয়ে তিনি মৌখিকভাবে অভিযোগ করেন। এ সময় জেলা জামায়াতে ইসলামীর আমিরসহ পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল তার সঙ্গে উপস্থিত ছিলেন।
দেলাওয়ার হোসেন অভিযোগ করেন, বিভিন্নভাবে জামায়াতের প্রার্থীদের হুমকি দেওয়া হচ্ছে। পাশাপাশি বিএনপির পক্ষ থেকে প্রিজাইডিং অফিসার নিয়োগের চেষ্টা চলছে বলেও তিনি অভিযোগ করেন। এসব কারণে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে কি না—এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।
এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ইশরাত ফারজানা অভিযোগগুলো গুরুত্ব সহকারে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বলে জানান জামায়াত প্রার্থী।