শ্রীমঙ্গলে থানা পুলিশের অভিযানে ৫০ লিটার মদসহ মাদক ব্যবসায়ী আটক

মোঃ শামীম খান | স্টাফ রিপোর্টার
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। অভিযানে মাদক ব্যবসায়ী সুজন দাস (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক সোয়া ৬টায় শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. জহিরুল ইসলাম মুন্নার দিকনির্দেশনায় উপজেলার বাবুরবাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, চেকপোস্টে তল্লাশিকালে আটক সুজন দাসের কাছ থেকে ৫০ বোতল মদ উদ্ধার করা হয়, যার পরিমাণ আনুমানিক ৫০ লিটার। উদ্ধারকৃত মদের বাজারমূল্য প্রায় ২৫ হাজার টাকা বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. জহিরুল ইসলাম মুন্না জানান, মাদকসহ আটক আসামির বিরুদ্ধে সোমবার (৫ জানুয়ারি) শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
পুলিশ আরও জানায়, মাদকের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।