তাহলে সোহরাওয়ার্দী উদ্যানে বসবে বইমেলা?
১৯৭৮ সালে বাংলা একাডেমির তৎকালীন মহাপরিচালক আশরাফ সিদ্দিকী একাডেমিকে এ বইমেলার সঙ্গে সম্পৃক্ত করেন। এর পরের বছরই বাংলাদেশ পুস্তক বিক্রেতা ও প্রকাশক সমিতি মেলার সঙ্গে যুক্ত হয়
সোহরাওয়ার্দী উদ্যানে আগামী অমর একুশে বইমেলার আয়োজন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এর মূলে রয়েছে, গণপূর্ত মন্ত্রণালয়ের একটি চিঠি। বাংলা একাডেমিকে দেওয়া চিঠিতে সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলা বসতে বারণ করা হয়েছে।
আসন্ন একুশে বইমেলার জন্য সোহরাওয়ার্দী উদ্যান বরাদ্দ পায়নি বাংলা একাডেমি। গত ৬ নভেম্বর বাংলা একাডেমিকে দেওয়া এক চিঠিতে এমন তথ্য জানিয়েছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়।
গত এক দশকের ধারাবাহিকতা অনুযায়ী বাংলা একাডেমির পাশাপাশি সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত হচ্ছে না আগামীর অমর একুশে বইমেলা।
সেক্ষেত্রে আগামী মেলার আয়োজন কোথায় কীভাবে হবে, সে প্রশ্নই এখন সকলের কাছে ঘুরে ফিরে আসছে।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় বাংলা একাডেমিকে চিঠি দিয়ে বলেছে, সোহরাওয়ার্দী উদ্যানের পরিবর্তে বাংলা একাডেমি প্রাঙ্গণেই ‘অমর একুশে বইমেলা, ২০২৫’ আয়োজন করতে হবে।
তবে বইমেলা সোহরাওয়ার্দী উদ্যানে করতে আবারও চেষ্টা করবেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম।
গণমাধ্যমকে তিনি বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে অমর একুশে বইমেলা করা যাবে না, এমন সিদ্ধান্ত জানিয়েছে গণপূর্ত ও গৃহায়ণ মন্ত্রণালয়।
তারা বলেছে— একাডেমির চত্বরের ভেতরে মেলার আয়োজন করার কথা। তবে বাংলা একাডেমির পক্ষ থেকে আপিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলা করতে চাই।’
১৯৭২ সালের একুশে ফেব্রুয়ারি ভাষা দিবসের অনুষ্ঠানে বাংলা একাডেমির গেইটে চট বিছিয়ে বই বিক্রি শুরু করেন প্রকাশনা সংস্থা মুক্তধারা’র প্রতিষ্ঠাতা চিত্তরঞ্জন সাহা।
১৯৭৪ সালে বাংলা একাডেমির একুশের অনুষ্ঠানমালার সাথে সঙ্গতি রেখে একাডেমির ভেতরে ছোট একটি স্টল স্থাপন করে বই বেচে মুক্তধারা। ১৯৭৭ সালে মুক্তধারার সঙ্গে আরও অনেকে যোগ দেয়, সেই থেকে একুশে বইমেলার সূচনা।