নওগাঁর ধামইরহাটে নানা আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত
নওগাঁ প্রতিনিধি:
“শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর ধামইরহাটে নানা আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ পালিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ধামইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী তাহমিনা শারমিন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার মাক্কামা মাহমুদ স্বাগত বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. আরিফ হাসান। এ ছাড়া সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় শিক্ষার্থীরা তাদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ ঘটায়। আলোচনা সভায় বক্তারা বলেন, আজকের শিশুরাই আগামী দিনের সুনাগরিক। তাদের মেধা, যোগ্যতা ও সৃজনশীলতার বিকাশ ঘটাতে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে বাল্যবিবাহ প্রতিরোধ এবং কন্যাশিশুর নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলা সবার নৈতিক দায়িত্ব। বক্তারা আরও বলেন, কন্যাশিশুকে বাল্যবিবাহের অভিশাপ থেকে মুক্ত রেখে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগের মাধ্যমে কন্যাশিশুর অধিকার নিশ্চিত করতে হবে, যাতে তারা নিজেদের যোগ্যতায় দেশ ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।