ঠাকুরগাঁওয়ে মাদকের ‘হটস্পট’ বশিরপাড়া, থানায় এলাকাবাসীর লিখিত অভিযোগ

ঠাকুরগাঁওয়ে মাদকের ‘হটস্পট’ বশিরপাড়া, থানায় এলাকাবাসীর লিখিত অভিযোগ

Sep 19, 2026

 

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলার বালিয়া ইউনিয়নের কুমারপুর (বশিরপাড়া) এলাকায় প্রকাশ্যে মাদক কেনাবেচা ও সেবনের অভিযোগ উঠেছে। সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত এলাকায় অপরিচিত ব্যক্তিদের আনাগোনা বেড়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। মাদক বিক্রির প্রতিবাদ করায় স্থানীয় বাসিন্দাদের গালাগালি, মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ারও অভিযোগ করেছেন এলাকাবাসী। এ ঘটনায় মাদক বিক্রি বন্ধ এবং এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিতের দাবিতে ভূল্লী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) কুমারপুর (বশিরপাড়া) এলাকার বাসিন্দা ফয়জুর রহমান (৭৫) বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে অভিযোগটি দায়ের করেন। অভিযোগে অভিযুক্ত হিসেবে মুকুল (৪৫), রাব্বী (৪০), মো. অন্তর (৩০), মাজেদ (৩০), মাসুম (২৫) ও শহিদুল (৫৮)-এর নাম উল্লেখ করা হয়েছে। তাদের সবার ঠিকানা কুমারপুর (বশিরপাড়া), ভূল্লী থানা, ঠাকুরগাঁও বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। লিখিত অভিযোগে ফয়জুর রহমান দাবি করেন, বশিরপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে মাদকদ্রব্যের কেনাবেচা ও সেবনের অভিযোগ রয়েছে। স্থানীয়রা এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করলে অভিযুক্তরা তাদের গালাগালি, মারধর ও প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করা হয়। অভিযোগে আরও বলা হয়, শনিবার সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে বশিরপাড়া এলাকায় অভিযুক্তরা মাদক কারবার পরিচালনা করছিলেন। স্থানীয় লোকজন এতে বাধা দিলে তারা অকথ্য ভাষায় গালাগালি শুরু করেন। একপর্যায়ে ফয়জুর রহমানকে কিল-ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা তাদের ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বলেও অভিযোগ করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগটি দ্রুত তদন্ত করে মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদারের দাবি জানিয়েছেন। এ বিষয়ে ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন, “মাদক নির্মূলে পুলিশ কাজ করছে। লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।” তবে অভিযোগে উল্লিখিত ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের বিষয়টি তদন্তাধীন থাকায় তাদের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে নির্ধারিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *