ড. রেজা কিবরিয়ার ব্যাংকিং খাত নিয়ে বক্তব্যকে স্বাগত জানাল রেমিট্যান্স যোদ্ধা সংসদ

নিজস্ব প্রতিবেদকঃ
জাতীয় সংসদে ব্যাংকিং খাত, ঋণনীতি ও দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য ড. রেজা কিবরিয়ার বক্তব্যকে স্বাগত জানিয়েছে রেমিট্যান্স যোদ্ধা সংসদ। রোববার সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় আহ্বায়ক অ্যাডভোকেট এ এন এম ঈসা এবং কেন্দ্রীয় সদস্য সচিব এম এ রউফ (কাতার) বলেন, দেশের অর্থনীতি ও ব্যাংকিং খাতের বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে সংসদে ড. রেজা কিবরিয়া যে বক্তব্য তুলে ধরেছেন, তা জনস্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়গুলো সামনে এনেছে। বিবৃতিতে বলা হয়, ব্যাংকিং খাতে আমানত ও ঋণের সুদের হারের ব্যবধান, খেলাপি ঋণ ব্যবস্থাপনা, উৎপাদনমুখী বিনিয়োগের ঘাটতি, রাজস্ব আদায়ের চ্যালেঞ্জ এবং মূল্যস্ফীতির প্রভাব নিয়ে সংসদে যে আলোচনা হয়েছে, তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। রেমিট্যান্স যোদ্ধা সংসদের নেতারা বলেন, দেশের অর্থনীতি শক্তিশালী করতে ব্যাংকিং খাতে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি প্রকৃত উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণের ব্যবস্থা এবং উৎপাদনশীল খাতে বিনিয়োগ বাড়ানো জরুরি। বিবৃতিতে আরও বলা হয়, প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা, শ্রমজীবী মানুষ ও নিম্ন আয়ের জনগোষ্ঠীর স্বার্থ রক্ষায় কার্যকর অর্থনৈতিক নীতি গ্রহণের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। সংগঠনটি আশা প্রকাশ করে, জাতীয় স্বার্থে উত্থাপিত অর্থনৈতিক বিষয়গুলো নিয়ে সরকার, নীতিনির্ধারক এবং সংশ্লিষ্ট সব পক্ষ কার্যকর উদ্যোগ গ্রহণ করবে।