প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠায় ৬ দফা দাবি, ঐক্য ও ন্যায়নীতির আহ্বান ‘দেশবন্ধু’ রেমিটেন্স যোদ্ধা সংসদের

নিজস্ব প্রতিবেদকঃ
প্রবাসী বাংলাদেশিদের অধিকার, সামাজিক নিরাপত্তা ও নীতিনির্ধারণে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে ছয় দফা দাবি তুলে ধরেছে ‘দেশবন্ধু’ রেমিটেন্স যোদ্ধা সংসদ। একই সঙ্গে দেশপ্রেম, ন্যায়নীতি ও জাতীয় ঐক্যের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার আহ্বান জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি গণমাধ্যমে পাঠানো এক সাক্ষাৎকারে সংগঠনের কেন্দ্রীয় সদস্য সচিব এম এ রউফ (কাতার) এসব কথা বলেন। তিনি বলেন, ‘দেশবন্ধু’ কোনো পদবি নয়, এটি দেশের প্রতি দায়বদ্ধতা ও ভালোবাসার প্রতীক। তাঁর ভাষায়, দেশের কল্যাণে কাজ করেন—এমন প্রত্যেক নাগরিকই একজন দেশবন্ধু। বিশেষ করে প্রবাসীরা কঠোর পরিশ্রমের মাধ্যমে রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। দেশকে ‘মায়ের মর্যাদা’ দেওয়ার প্রসঙ্গে এম এ রউফ বলেন, দুর্নীতি, অর্থপাচার ও জনগণের অধিকার ক্ষুণ্ন করা রাষ্ট্রের ক্ষতি করার শামিল। এসব অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার পাশাপাশি দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি। জাতীয় ঐক্যের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, বিভাজনের পরিবর্তে ঐক্যের সংস্কৃতি গড়ে তুলতে হবে। দল, মত বা অঞ্চলের বিভেদ নয়, দেশের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান তিনি। সাক্ষাৎকারে প্রবাসী বাংলাদেশিদের জন্য ছয় দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—স্বল্প আয়ের প্রবাসীদের জন্য ন্যূনতম ভাতা, প্রবাসী কল্যাণ তহবিল শক্তিশালী করা, দালাল ও প্রতারণা চক্র দমনে বিশেষ সেল গঠন, কম খরচে বৈধভাবে বিদেশে কর্মসংস্থানের সুযোগ, দেশে ফিরে পুনর্বাসন ও কর্মসংস্থানের ব্যবস্থা এবং নীতিনির্ধারণী পর্যায়ে প্রবাসীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা। এম এ রউফ দাবি করেন, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে প্রবাসীদের নিরাপত্তা ও আস্থা বাড়বে, বৈধ পথে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি পাবে এবং দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে। তিনি দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘প্রবাসীরা শুধু অর্থ পাঠান না, তারা দেশের উন্নয়নের অন্যতম চালিকাশক্তি। তাঁদের ন্যায্য দাবিগুলোকে জাতীয় স্বার্থের অংশ হিসেবে বিবেচনা করা উচিত।’
উল্লেখ্য, ‘দেশবন্ধু’ রেমিটেন্স যোদ্ধা সংসদের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় আহ্বায়ক অ্যাডভোকেট এ এন এম ঈসা। সংগঠনটি প্রবাসী বাংলাদেশিদের অধিকার ও কল্যাণ নিয়ে কাজ করার কথা জানিয়েছে।