গাজীপুরে শিশু উন্নয়ন কেন্দ্রের ২৫ কেয়ারগিভারকে প্রশিক্ষণ

গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের কোনাবাড়ী শিশু উন্নয়ন কেন্দ্রের (বালিকা) ২৫ জন কেয়ারগিভারকে শিশুদের বাণিজ্যিক যৌন শোষণের শিকার শিশু শনাক্তকরণ, সহায়তা প্রদান ও মানসিক ট্রমা মোকাবিলায় সেবা নিশ্চিত করার বিষয়ে তিন দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ‘ভুক্তভোগী সহায়তা সেবা ও ব্যবস্থাপনা’ বিষয়ে আয়োজিত এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ইন্টারন্যাশনাল জাস্টিস মিশন (আইজেএম), বাংলাদেশের উদ্যোগে এবং সমাজসেবা অধিদপ্তরের সঙ্গে কৌশলগত অংশীদারত্বের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের সনদ দেওয়া হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (প্রতিষ্ঠান অধিশাখা) মোহাঃ কামরুজ্জামান। সভাপতিত্ব করেন কোনাবাড়ী শিশু উন্নয়ন কেন্দ্রের সহকারী পরিচালক মোহাম্মদ বোরহান উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) তানিয়া তাবাসসুম এবং আইজেএম বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ক্লেয়ার উইলকিনসন। প্রধান অতিথির বক্তব্যে মোহাঃ কামরুজ্জামান বলেন, কেয়ারগিভারদের ভুক্তভোগী শিশুদের কথা শুনতে ও বুঝতে হবে। সকলের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই ভুক্তভোগী শিশুকে সুস্থ ও সুন্দর জীবনে ফিরিয়ে আনা সম্ভব। এ প্রশিক্ষণ শিশুদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে ভূমিকা রাখবে। ক্লেয়ার উইলকিনসন বলেন, ভুক্তভোগী শিশুর সুরক্ষায় পুলিশ, আইনজীবী, বিচারক, কমিউনিটি ও কেয়ারগিভারসহ সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণের মাধ্যমে কেন্দ্রের সেবাদানকারীরা শিশুদের বাণিজ্যিক যৌন শোষণ সম্পর্কে জানতে এবং ভুক্তভোগীদের যথাযথভাবে শনাক্ত ও সেবা দিতে সক্ষম হবেন। অতিরিক্ত জেলা প্রশাসক তানিয়া তাবাসসুম বলেন, শিশুর সুরক্ষা ও ভুক্তভোগীদের সুষ্ঠু সেবা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি প্রশিক্ষণ আয়োজনের জন্য আইজেএম বাংলাদেশকে ধন্যবাদ জানান। তিন দিনের প্রশিক্ষণে ভুক্তভোগী সেবার মূলনীতি, সহায়তার কৌশল, ট্রমা ও এর প্রভাব, শিশুদের আচরণ বোঝা, উদ্বেগ, স্মৃতি ও মানসিক আঘাত, সাক্ষাৎকার গ্রহণ এবং ফলোআপ সাক্ষাতে প্রশ্ন করার ধরনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও ব্যবহারিক অনুশীলন করা হয়। অনুষ্ঠানে কোনাবাড়ী শিশু উন্নয়ন কেন্দ্রের ইন-চার্জ মোসাম্মৎ তাসনিম ফেরদৌসী, বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী ও আইজেএম বাংলাদেশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।