তারেক রহমানকে মামুনুল হকের সতর্কবার্তা শেখ হাসিনার মতো পরিণতি বরণ করতে দেখতে চাই না

নওগাঁ জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক প্রধানমন্ত্রী তারেক রহমানকে সতর্ক করে বলেছেন, ‘আমরা আপনাকে শেখ হাসিনার মতো পরিণতি বরণ করতে দেখতে চাই না। তাই আমরা আপনাকে সতর্ক করছি।’ শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নওগাঁ সদর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণভোটের রায় বাস্তবায়ন, তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বাংলাদেশ খেলাফত মজলিসের নওগাঁ জেলা শাখা এ নাগরিক সমাবেশের আয়োজন করে। মামুনুল হক বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঔরসজাত সন্তান। বেগম খালেদা জিয়ার সন্তান। আমরা আপনাকে শেখ হাসিনার মতো পরিণতি বরণ করতে দেখতে চাই না।’ জুলাই সনদের প্রসঙ্গ তুলে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির বলেন, এক ব্যক্তির হাতে কেন্দ্রীভূত ক্ষমতা কমিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে ক্ষমতার বিকেন্দ্রীকরণের প্রস্তাব করা হয়েছে। প্রধানমন্ত্রীর কাছ থেকে কিছু ক্ষমতা নিয়ে রাষ্ট্রপতির হাতে দেওয়ার কথাও বলা হয়েছে। তিনি বলেন, বর্তমানে বাংলাদেশের রাষ্ট্রপতি কার্যত ক্ষমতাহীন। জুলাই বিপ্লব ও জুলাই সনদের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্রপতির হাতে কিছু ক্ষমতা থাকা প্রয়োজন। বিচার বিভাগের সংস্কার প্রসঙ্গে মামুনুল হক বলেন, জুলাই সনদে বিচার বিভাগ ও বিচার-সংক্রান্ত ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে না রেখে প্রধান বিচারপতির নেতৃত্বে একটি বিচার বিভাগীয় কমিশনের হাতে দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এর মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা সম্ভব হবে বলে তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন, ‘আমরা রক্ত দিয়ে যে জুলাই এনেছি, সেই জুলাইয়ের পরে আর চাই না নতুন করে পুরোনো দিনের খেলা দেখতে। জাতীয়তাবাদী দল, জাতীয়তাবাদী যুবদল, জাতীয়তাবাদী ছাত্রদলের পরে জাতীয়তাবাদী পুলিশ দল হবে বাংলার মানুষ সেই দৃশ্য আর দেখতে চায় না।’ সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিস নওগাঁ জেলা শাখার সভাপতি মাওলানা ফজলুল হক শাহ সভাপতিত্ব করেন। জেলা সেক্রেটারি মুফতি ইসরাফিল আলম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এ সময় সংগঠনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসনাত জালালী, রাজশাহী মহানগরীর সভাপতি মাওলানা জোবায়ের হোসাইনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য দেন।