স্বপ্নসিঁড়ির নাতে রাসুল প্রতিযোগিতা ‘গানের বুলবুল’ ২০২৬, ওমরাহর সুযোগসহ থাকছে লক্ষাধিক টাকার পুরস্কার

Sep 2, 2026

 

বিশেষ প্রতিবেদনঃ

শিশু-কিশোরদের কণ্ঠে নাতে রাসুলের সুর ছড়িয়ে দিতে এবং ইসলামী সংস্কৃতিচর্চায় নতুন প্রজন্মকে উৎসাহিত করতে শুরু হয়েছে ব্যতিক্রমী নাতে রাসুল প্রতিযোগিতা ‘গানের বুলবুল’ ২০২৬। জনপ্রিয় ইসলামী সাংস্কৃতিক সংগঠন ‘স্বপ্নসিঁড়ি সাংস্কৃতিক ফোরাম’ আয়োজিত এ প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য থাকছে পবিত্র ওমরাহ পালনের সুযোগসহ লক্ষাধিক টাকার আকর্ষণীয় পুরস্কার। আয়োজকরা জানান, প্রতিযোগিতায় দেশের যেকোনো প্রান্ত থেকে ৫ থেকে ১৫ বছর বয়সী শিশু-কিশোররা অংশ নিতে পারবে। অংশগ্রহণকারীদের নির্ধারিত নাতে রাসুল— “ও মদিনার বুলবুলি, তোমার নামের ফুলতুলি, যতন করে হৃদয় মাঝে একা একা নিরিবিলি”—অথবা নিজেদের পছন্দের যেকোনো নাতে রাসুল খালি গলায় গেয়ে মোবাইলে ভিডিও ধারণ করে পাঠাতে হবে। প্রতিযোগিতার বিশেষ শর্ত হিসেবে আয়োজকরা জানিয়েছেন, পাঠানো অডিও বা ভিডিওতে কোনো ধরনের এডিটিং গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ প্রতিযোগীর স্বাভাবিক কণ্ঠ ও পরিবেশনাই হবে বিচারকার্যের মূল ভিত্তি। আগ্রহী প্রতিযোগীদের আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে নির্ধারিত অনলাইন ফর্ম অথবা ই-মেইলের মাধ্যমে ভিডিও পাঠিয়ে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। ভিডিওর সঙ্গে প্রতিযোগীর নাম, অভিভাবকের নাম, মোবাইল নম্বর ও পূর্ণ ঠিকানা উল্লেখ করা বাধ্যতামূলক। প্রতিযোগিতায় অংশ নিতে ২০০ টাকা রেজিস্ট্রেশন ফি প্রদান করতে হবে। একজন প্রতিযোগী একটি মোবাইল নম্বর ব্যবহার করে শুধু একবারই রেজিস্ট্রেশন করার সুযোগ পাবেন। আয়োজক ‘স্বপ্নসিঁড়ি সাংস্কৃতিক ফোরাম’ জানিয়েছে, প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী পাবেন পবিত্র ওমরাহ পালনের সুযোগ। দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকছে একটি ডেস্কটপ কম্পিউটার এবং তৃতীয় পুরস্কার হিসেবে থাকছে একটি ল্যাপটপ। পাশাপাশি সেরা ১০ জন বিজয়ী প্রতিযোগীর জন্য থাকছে আকর্ষণীয় স্মারক ও বিশেষ পুরস্কার। আয়োজকরা বলছেন, শুধু পুরস্কার নয়—শিশু-কিশোরদের প্রতিভা বিকাশ, নাতে রাসুলের প্রতি ভালোবাসা সৃষ্টি এবং ইসলামী সাংস্কৃতিক চর্চায় নতুন প্রজন্মকে সম্পৃক্ত করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য। প্রতিযোগিতা সংক্রান্ত নিয়মাবলি, ফলাফল ও পরবর্তী সব আপডেট স্বপ্নসিঁড়ির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হবে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। ‘স্বপ্নসিঁড়ি’র পক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন মিসবাহুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *