নওগাঁয় বৃক্ষরোপণ, বায়োগ্যাস প্ল্যান্ট উদ্বোধন ও পুকুর পুনঃখনন কার্যক্রম পরিদর্শনে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

নওগাঁয় বৃক্ষরোপণ, বায়োগ্যাস প্ল্যান্ট উদ্বোধন ও পুকুর পুনঃখনন কার্যক্রম পরিদর্শনে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

Sep 4, 2026

 

নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং স্থানীয় জনগোষ্ঠীর জলবায়ু সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে বৃক্ষরোপণ, কমিউনিটিভিত্তিক বায়োগ্যাস প্ল্যান্ট উদ্বোধন ও পুকুর পুনঃখনন কার্যক্রম পরিদর্শন করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলার রসুলপুর ইউনিয়নের পানিহারা এলাকায় সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে এবং ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের কারিগরি সহযোগিতায় ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) বাস্তবায়িত ‘গোফরইমপ্যাক্ট’ প্রকল্পের আওতায় এসব কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, সুইজারল্যান্ড দূতাবাসের ডেপুটি হেড অব কো-অপারেশন করিন থেভো (Corinne Thevoz), ওয়াটারএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আজমান আহমেদ চৌধুরী, ইএসডিও-এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান, গোফরইমপ্যাক্ট প্রকল্পের প্রধান সাইফ মনজুর-আল-ইসলাম, নওগাঁর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম এবং নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার মুর্শিদা খাতুন। অনুষ্ঠানের শুরুতে অতিথিরা পানিহারা ভোলা পুকুরের পাড়ে গাছের চারা রোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় নেতৃবৃন্দ এবং প্রকল্পের উপকারভোগীরা উপস্থিত ছিলেন। বৃক্ষরোপণ কর্মসূচি শেষে অতিথিরা ‘গোফরইমপ্যাক্ট’ প্রকল্পের অংশগ্রহণমূলক জলবায়ু পরিবর্তন ঝুঁকি বিশ্লেষণ বিষয়ক মতবিনিময় সভায় অংশ নেন। সভায় প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধির বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করা হয়। পরে অতিথিরা প্রকল্পের সহায়তায় নির্মিত একটি কমিউনিটিভিত্তিক বায়োগ্যাস প্ল্যান্ট উদ্বোধন করেন। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, জ্বালানি সাশ্রয় এবং পরিবেশবান্ধব উপায়ে বর্জ্য ব্যবস্থাপনায় এ ধরনের বায়োগ্যাস প্ল্যান্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অনুষ্ঠানে উল্লেখ করা হয়।।এছাড়া স্থানীয় পর্যায়ে জলাধার সংরক্ষণ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় পুকুর পুনঃখনন কার্যক্রমের গুরুত্ব নিয়েও আলোচনা করা হয়। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পানি সংরক্ষণ, সবুজায়ন ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। অনুষ্ঠানের শেষ পর্যায়ে রসুলপুর ইউনিয়ন পরিষদের সদস্য এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় পর্যায়ে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয় বৃদ্ধি, টেকসই উন্নয়ন নিশ্চিত করা এবং প্রকল্পের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়। প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে পরিচালিত ‘গোফরইমপ্যাক্ট’ প্রকল্পটি স্থানীয় জনগোষ্ঠীর জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের কারিগরি সহযোগিতায় ইএসডিও প্রকল্পটি বাস্তবায়ন করছে। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণ, পানি সংরক্ষণ, পুকুর পুনঃখনন এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর মতো কার্যক্রমকে আরও উৎসাহিত করতে হবে। স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন। এ সময় প্রকল্পের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *