গাজীপুরে টাইলস মার্কেটে জমজমাট নির্বাচন অনুষ্ঠিত
অফিস ডেস্ক :
গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসংলগ্ন দেশের অন্যতম বৃহৎ টাইলস মার্কেট—সাদ সৈকদ প্লাজা, ডা. বেলায়েত হোসেন ও আলী আকবর টাইলস মার্কেটের ব্যবসায়ী পরিচালনা কমিটির নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন শুচি শুভ্র টাইল হাটের পরিচারক আহসান হাবিব সিদ্দিক। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মেসার্স নিহা নিসা টাইলস বাজারের পরিচারক ফরহাদ হোসেন এবং কোষাধ্যক্ষ হয়েছেন এস.এস. টাইলস হাউজের পরিচারক জাফর ইকবাল।
শনিবার (২৫ এপ্রিল) বিকেলে সদর উপজেলার বেগমপুর এলাকায় অবস্থিত এস কে টাইলস হাউজ মার্কেটে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিকেল ৪টা থেকে শুরু হয়ে সাড়ে ৫টায় শেষ হওয়া এই নির্বাচনে ১১ সদস্যবিশিষ্ট দুই বছর মেয়াদি কার্যকরী কমিটি গঠন করা হয়।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এস কে টাইলস হাউজের পরিচালক নুরুদ্দিন খন্দকার। কমিশনার হিসেবে ছিলেন ডা. বেলায়েত হোসেন, দেলোয়ার হোসেন ও আব্দুর রহিম ব্যাপারী।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ব্যবসায়ী ও সমাজসেবক সেলিম ভূইয়া, কবি-লেখক ও সাংবাদিক সাহান সাহাবুদ্দিন, ফুয়াং টাইলস মার্কেটের সভাপতি আলমগীর খান, হাজী ফালু মিয়া টাইলস মার্কেটের সাবেক সভাপতি আহসানুল্লাহ ফাহিম, বর্তমান সভাপতি নূরুজ্জামান ভূইয়া এবং সাধারণ সম্পাদক কাজী মাসুদসহ অন্যান্যরা।
ব্যবসায়ীরা জানান, গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন হওয়ায় বাজারে ঐক্য আরও সুদৃঢ় হবে। নতুন কমিটি ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, বাজার ব্যবস্থাপনা ও উন্নয়নমূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।