মান্দায় আন্তঃক্লাব ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে জোকাহাট ফুটবল একাদশ চ্যাম্পিয়ন

মান্দায় আন্তঃক্লাব ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে জোকাহাট ফুটবল একাদশ চ্যাম্পিয়ন

Sep 4, 2026

 

নওগাঁ জেলা প্রতিনিধিঃ

খেলাধুলায় বাড়ে মনোবল, মাদক ছেড়ে মাঠে চল’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মান্দায় উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তঃক্লাব ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উত্তেজনাপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে বড়পই জাগরনী ক্লাবকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে জোকাহাট ফুটবল একাদশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বড়পই জাগরনী ক্লাব মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। মাঠজুড়ে ছিল দর্শকদের উচ্ছ্বাস ও উত্তেজনা। একের পর এক আক্রমণ চালালেও প্রথমদিকে কোনো দলই গোলের দেখা পাচ্ছিল না। তবে ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে জোকাহাট ফুটবল একাদশের হয়ে কাঙ্ক্ষিত একমাত্র গোলটি করেন আরিফুল ইসলাম। তাঁর করা গোলেই এগিয়ে যায় জোকাহাট ফুটবল একাদশ। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি এবং শিরোপা নিশ্চিত করে। উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় অনুষ্ঠিত এ টুর্ণামেন্টে মান্দা উপজেলার মোট আটটি ক্লাব অংশগ্রহণ করে। টুর্ণামেন্টজুড়ে খেলোয়াড়দের নৈপুণ্য ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ উপভোগ করেন বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক। খেলা শেষে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। চ্যাম্পিয়ন জোকাহাট ফুটবল একাদশকে ট্রফির পাশাপাশি ৩০ হাজার টাকার চেক এবং রানার্সআপ বড়পই জাগরনী ক্লাবকে ট্রফিসহ ২০ হাজার টাকার চেক প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল মান্নান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও সাবেক চেয়ারম্যান ফারুক হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক আব্দুল কাদের, ইউপি চেয়ারম্যান নওফেল আলী মণ্ডল, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক বাবুল হোসেন, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক ওবাইদুল হক, বড়পই জাগরনী ক্লাবের ডিএম আব্দুল মালেকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখার লক্ষ্যেই এমন আয়োজন করা হয়েছে বলে আয়োজকরা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *