চাকরির ইন্টারভিউ দিতে এসে টঙ্গীতে গ্রেফতার ছাত্রলীগের কেন্দ্রীয় নেত্রী তাপসী

চাকরির ইন্টারভিউ দিতে এসে টঙ্গীতে গ্রেফতার ছাত্রলীগের কেন্দ্রীয় নেত্রী তাপসী

Nov 24, 2026

টঙ্গী প্রতিনিধিঃ

গাজীপুরের টঙ্গীতে চাকরির সাক্ষাৎকার (ইন্টারভিউ) দিতে এসে গ্রেফতার হয়েছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক উপ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক তানিয়া আক্তার তাপসী (২৫)। গতকাল রবিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় টঙ্গী বাজারের সেনাকল্যাণ কমার্শিয়াল কমপ্লেক্সের সামনে থেকে তাঁকে আটক করা হয়। পরে সোমবার (২৩ নভেম্বর) দুপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে তাঁকে গাজীপুর আদালতে পাঠিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যায় তানিয়া আক্তার তাপসী টঙ্গীর একটি কমপ্লেক্সের সামনে চাকরির সাক্ষাৎকার দিতে আসেন। এ সময় স্থানীয় বিএনপি ও ছাত্রদলের কয়েকজন নারী নেত্রী তাঁকে শনাক্ত করেন। পরে তাঁকে আটক করে টঙ্গী পশ্চিম থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। তানিয়া আক্তার তাপসী নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক উপ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ছিলেন। এ ছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন বলে জানা গেছে। এদিকে, গোপালগঞ্জের সাম্প্রতিক অগ্নিসংযোগ, হামলা-ভাঙচুর ও সংঘর্ষের ঘটনার পরিপ্রেক্ষিতে তানিয়া আক্তার তাপসী হকিস্টিক হাতে নিজের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন। ছবিটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, তানিয়া আক্তার টঙ্গীতে একটি প্রতিষ্ঠানে চাকরির সাক্ষাৎকার দিতে এসেছিলেন। এ সময় স্থানীয় বিএনপি ও ছাত্রদলের কয়েকজন নারী নেত্রী তাঁকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। আজ সোমবার দুপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে তাঁকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *