কসবায় ৬ কেজি গাঁজাসহ চট্টগ্রামের এক নারী গ্রেপ্তার, পলাতক আরও একজন

কসবায় ৬ কেজি গাঁজাসহ চট্টগ্রামের এক নারী গ্রেপ্তার, পলাতক আরও একজন

Nov 3, 2026

মস্ত মিয়া

জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ শরিফা বেগম (৩৯) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে কসবা থানা পুলিশ। এ ঘটনায় মোঃ ওয়াসিম মিয়া (৩৮) নামে আরও একজনকে পলাতক আসামি করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে কসবা পৌরসভার কালিকাপুর এলাকার স্টেশন রোডে অ্যাডভোকেট আজিজ মিয়ার মার্কেটের সামনে জান্নাত হেয়ার কাটিং নামের সেলুনের সামনে পাকা রাস্তার ওপর এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশের প্রেস রিলিজ সূত্রে জানা যায়, কসবা থানার এসআই (নিরস্ত্র) কাজী ছানোয়ার হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শরিফা বেগমকে আটক করা হয়। পরে তাঁর দখল ও হেফাজত থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ তালিকা তৈরি করে উদ্ধারকৃত গাঁজা জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত শরিফা বেগম চট্টগ্রাম সিটি করপোরেশনের বাকলিয়া থানাধীন বাদিয়ার টেক, বৌবাজার এলাকার বাসিন্দা। তাঁর স্বামীর নাম মোঃ ইসমাইল, পিতার নাম মোহাম্মদ শহিদ এবং মাতার নাম আমেনা বেগম। এ ঘটনায় পলাতক আসামি হিসেবে মোঃ ওয়াসিম মিয়া (৩৮)-এর নাম উল্লেখ করা হয়েছে। তিনি কসবা উপজেলার ৯নং কায়েমপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের জাজিসার (চেয়ারম্যান বাড়ি) এলাকার মারফত আলীর ছেলে। এ ঘটনায় কসবা থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে। কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী মোহাম্মদ রাশেদ প্রেস রিলিজের মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন। মামলার বাদী এসআই কাজী ছানোয়ার হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *