আড়াইহাজারে কৃষক দল নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ, আহত ৫

আড়াইহাজারে কৃষক দল নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ, আহত ৫

Aug 14, 2026

 

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় পূর্ববিরোধকে কেন্দ্র করে কৃষক দল নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই নারীসহ পাঁচজন আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। আহতদের মধ্যে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের গহরদী এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও অভিযোগকারীদের দাবি, মাহমুদপুর ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব বেলায়েত হোসেনের পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলছিল। এর জেরে শুক্রবার একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের বাড়িতে হামলা চালায়। হামলার সময় বাড়িঘরে ভাঙচুর করা হয় এবং পরিবারের সদস্যদের মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে। বেলায়েত হোসেন বলেন, কয়েকদিন আগে তাঁর ভাই দেলোয়ার হোসেনকে মারধরের একটি ঘটনা ঘটে। এরপর শুক্রবার সকালে তাঁদের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করা হয়। এতে পরিবারের কয়েকজন সদস্য আহত হন। আহতদের মধ্যে লাকি ও রাহিমা নামে দুই নারীকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে। বেলায়েত হোসেনের ভাই আমির হোসেন অভিযোগ করেন, হামলাকারীরা বাড়ির বিভিন্ন আসবাবপত্র ও মালামাল ভাঙচুর করে প্রায় দুই লাখ টাকার ক্ষতি করেছে। পাশাপাশি ঘরের আলমারি ভেঙে আনুমানিক তিন ভরি স্বর্ণালংকার ও নগদ ১০ লাখ টাকা নিয়ে গেছে বলেও তিনি দাবি করেন। তিনি আরও অভিযোগ করেন, ঘটনার পরও অভিযুক্তরা এলাকায় অবস্থান করে হুমকি-ধমকি দিয়ে যাচ্ছে, ফলে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে। তবে অভিযুক্ত হিসেবে নাম উল্লেখ করা বিএনপি নেতা শাহজাহান শিকারী অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ঘটনার সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। আড়াইহাজার থানার তদন্ত কর্মকর্তা রিপন কুমার জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *