শ্রীপুরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুর উপজেলায় অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় আরও দুইজন আসামি পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।
শ্রীপুর থানা সূত্রে জানা যায়, শনিবার (৭ জুন) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিনুর আলমের নেতৃত্বে পুলিশ সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে উপজেলার দারগারচালা এলাকার আউয়ালের মোড় সংলগ্ন একটি বাড়িতে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, দারগারচালা (কুলপাড়া) এলাকার মৃত রশিদের ছেলে মো. রনি (২৩) এবং একই এলাকার খোকনের ছেলে শিমুল মিয়া (৩০)।
পুলিশ জানায়, অভিযানের সময় তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ হাজার টাকা। তবে অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে আরও দুইজন আসামি পালিয়ে যায়।
এ ঘটনায় গ্রেপ্তার ও পলাতক আসামিদের বিরুদ্ধে শ্রীপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর-২৯। শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহিনুর আলম বলেন, মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এস এম জহিরুল ইসলাম, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, ০১৬১১১৮২০২৪।