‎চাঁদা না পেয়ে দন্ত চিকিৎসককে পিটিয়ে গুরুতর আহতের অভিযোগ

‎চাঁদা না পেয়ে দন্ত চিকিৎসককে পিটিয়ে গুরুতর আহতের অভিযোগ

অফিস ডেস্ক :

‎লালমনিরহাটে চাঁদার টাকা না পেয়ে এক দন্ত চিকিৎসককে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় স্বেচ্ছাসেবক দলের এক নেতার বিরুদ্ধে। হামলায় ওই চিকিৎসকের হাতের দুটি হাড় ও বুকের পাঁজর ভেঙে গেছে বলে জানা গেছে।

‎অভিযোগ সূত্রে জানা যায়, মহেন্দ্রনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম দন্ত চিকিৎসক মনিরুল ইসলামের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে তার হাত ভেঙে দেওয়া এবং জমির গাছ কেটে নেওয়ার হুমকিও দেন বলে অভিযোগ রয়েছে।

‎ভুক্তভোগী মনিরুল ইসলাম বিষয়টি তার ভাই ওয়াকিলকে জানালে গত ৩ মে বিকাশ নম্বরের মাধ্যমে প্রথমে ২ হাজার টাকা এবং পরে পূবালী ব্যাংকের অনলাইন অ্যাকাউন্টের মাধ্যমে আরও ২ হাজার টাকা প্রদান করা হয়। তবে এতেও সন্তুষ্ট হননি অভিযুক্ত আরিফুল ইসলাম। তিনি পুনরায় আরও টাকা দাবি করতে থাকেন বলে অভিযোগ করেন পরিবারটি।

‎পরবর্তীতে গত ২০ মে চাঁদার টাকা না পাওয়ায় মনিরুল ইসলামের ওপর হামলা চালানো হয়। অভিযোগ রয়েছে, লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে তার হাতের দুটি হাড় ও বুকের পাঁজর ভেঙে দেওয়া হয়।

‎গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

‎এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীর পরিবার অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

‎তবে এ বিষয়ে অভিযুক্ত আরিফুল ইসলামের বক্তব্য পাওয়া যায়নি।

‎আর লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ সাদ আহমেদ বলেন,অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *