লাইসেন্স নেই, তবু চলছিল সেবা: গৌরীপুরে দুই ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, একটিতে জরিমানা

আব্দুর রউফ দুদু|গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
রোগ নির্ণয়ের নামে চলছিল কার্যক্রম, কিন্তু ছিল না বৈধ লাইসেন্স। এমন অনিয়মের অভিযোগে গৌরীপুর পৌর শহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়েছে। একই অভিযানে লাইসেন্স নবায়ন না থাকায় আরও একটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে হাসপাতাল রোড ও ধানমহাল এলাকায় অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা সরকার প্রমা।
আদালত সূত্রে জানা যায়, হাসপাতাল রোডের ‘সেবা ডায়াগনস্টিক সেন্টার’ এবং ধানমহাল এলাকার ‘ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার’-এ তল্লাশি চালিয়ে কোনো বৈধ লাইসেন্স পাওয়া যায়নি। এ কারণে প্রতিষ্ঠান দুটি তাৎক্ষণিকভাবে বন্ধ করে সিলগালা করা হয়।
একই সময় হাসপাতাল রোডের ‘মা প্যাথলজি ল্যাবরেটরি’তে অভিযান চালিয়ে দেখা যায়, তাদের লাইসেন্সের মেয়াদ শেষ হলেও নবায়ন করা হয়নি। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের খবর দ্রুত ছড়িয়ে পড়লে আশপাশের কয়েকটি ডায়াগনস্টিক সেন্টারের মালিক ও কর্মচারীরা প্রতিষ্ঠান বন্ধ করে সরে যান। ফলে কিছু সময়ের জন্য হাসপাতাল রোডের অধিকাংশ ল্যাব কার্যক্রম বন্ধ হয়ে পড়ে।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা সরকার প্রমা বলেন, “জনস্বাস্থ্যের সঙ্গে জড়িত প্রতিষ্ঠানের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। লাইসেন্সহীন প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”