আড়াইহাজারে সৌদি ফেরত যুবক নিখোঁজ
অফিস ডেস্ক :
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় সৌদি আরব থেকে দেশে ফেরার পর মো. সুমন (২৮) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় তাঁর বাবা স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, সুমন প্রায় আট বছর ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন। গত ২৭ ফেব্রুয়ারি তিনি দেশে ফেরেন বলে জানা গেলেও এরপর থেকে তাঁর সঙ্গে পরিবারের আর কোনো যোগাযোগ হয়নি।
সুমনের বাবা মো. রওশন আলী ১ এপ্রিল আড়াইহাজার থানায় করা জিডিতে উল্লেখ করেন, দীর্ঘদিন ছেলের সঙ্গে সরাসরি যোগাযোগ না থাকলেও ২৮ মার্চ রাতে সৌদি প্রবাসী এক বন্ধুর মাধ্যমে জানতে পারেন, সুমন দেশে ফিরেছেন। এরপর সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।
জিডিতে সুমনের শারীরিক বর্ণনা উল্লেখ করা হয়েছে—তিনি প্রায় ৫ ফুট ৮ ইঞ্চি উচ্চতার, গায়ের রং ফর্সা এবং মুখমণ্ডল লম্বাটে।
পরিবারের সদস্যরা জানান, হঠাৎ দেশে ফিরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় তাঁরা গভীর উদ্বেগে রয়েছেন। তাঁরা দ্রুত সুমনের সন্ধান পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।
এ বিষয়ে আড়াইহাজার থানার এক কর্মকর্তা জানান, ঘটনাটি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।