আড়াইহাজারে প্রবাসীর বাড়িতে ডাকাতি, আহত ১
অফিস ডেস্ক :
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় এক প্রবাসীর বাড়িতে গভীর রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। এতে বাধা দিতে গিয়ে একজন গুরুতর আহত হয়েছেন।
ঘটনাটি ঘটে উপজেলার খাগকান্দা ইউনিয়নের কদমতলী গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ২টার দিকে ১০ থেকে ১৫ জনের একটি দল সৌদি প্রবাসী আজাদের বাড়িতে ঢুকে পড়ে। তারা গাছের গুঁড়ি ব্যবহার করে বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশ করে বলে জানা গেছে।
বাড়িতে ঢুকে ডাকাতরা ঘরের সদস্যদের অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে ফেলে। পরে নগদ প্রায় ২৫ হাজার টাকা, দুটি স্মার্টফোন এবং অন্যান্য মূল্যবান সামগ্রীসহ আনুমানিক দেড় লাখ টাকার মালামাল নিয়ে যায়।
এ সময় বাড়ির লোকজনের চিৎকার শুনে প্রতিবেশী আক্তার নামের এক ব্যক্তি এগিয়ে এলে ডাকাতরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি লুট হওয়া মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।