আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন বাল্যবিয়ে রোধে সচেতনতার আহ্বান

আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন বাল্যবিয়ে রোধে সচেতনতার আহ্বান

Oct 13, 2026

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে ‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়। সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান। প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি.এম. কামরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন। এ সময় বক্তব্য দেন আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, সিনিয়র সহসভাপতি আব্দুল জলিল চকলেট, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা এবং আত্রাই থানা প্রেসক্লাবের সভাপতি মো. রুহুল আমিন প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভাপতির সমাপনী বক্তব্যে ইউএনও মো. মনিরুজ্জামান বলেন, “কন্যাশিশুরা আমাদের সমাজের অন্যতম চালিকাশক্তি। আজকের কন্যাশিশুরাই আগামী দিনের সুনাগরিক হয়ে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে। তাই তাদের সুরক্ষা নিশ্চিত করা, মানসম্মত শিক্ষা প্রদান করা এবং বাল্যবিয়ে রোধ করা আমাদের সবার নৈতিক দায়িত্ব।” তিনি আরও বলেন, বাল্যবিয়ে একটি সামাজিক ব্যাধি। কন্যাশিশুদের বাল্যবিয়ের অভিশাপ থেকে মুক্ত রেখে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে অভিভাবকসহ সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *