নওগাঁর পোরশায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৬৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ, সহযোগী পলাতক
নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর পোরশায় মাদকবিরোধী অভিযানে মো. জহুরুল ইসলাম (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৩০ পিস এবং পলাতক সহযোগীর ফেলে যাওয়া পলিথিনে মোড়ানো আরও ৩৫ পিসসহ মোট ৬৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলামের দিকনির্দেশনায় গত ১৮ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পোরশা থানা পুলিশ নিতপুর ইউনিয়নের শীতলী ডাঙ্গাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। পরে বিকেল ৬টা ১০ মিনিটের দিকে নিতপুর শীতলী ডাঙ্গাপাড়াগামী ইটের রাস্তার একটি ব্রিজ/কালভার্টের ওপর মাদক বিক্রির সময় জহুরুল ইসলামকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় তার সঙ্গে থাকা অপর এক সহযোগী কৌশলে পালিয়ে যায়। পুলিশের দাবি, একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গ্রেপ্তার জহুরুল ইসলামের বুক পকেটে থাকা গুলের কৌটা থেকে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং পলাতক সহযোগীর ফেলে যাওয়া পলিথিনে মোড়ানো আরও ৩৫ পিস ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ট্যাবলেটগুলোর মোট ওজন ১৭ দশমিক ৫৫ গ্রাম এবং আনুমানিক বিক্রয়মূল্য ১৯ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত মাদক সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়েছে। গ্রেপ্তার জহুরুল ইসলামের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলেও পুলিশ সূত্রে জানা গেছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি ও পলাতক সহযোগীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পোরশা থানা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।