পীরগঞ্জ সীমান্তে বিএসএফ এ-র গুলীতে নিহত ১ জন,আহত ২ জন

পীরগঞ্জ সীমান্তে বিএসএফ এ-র গুলীতে নিহত ১ জন,আহত ২ জন

Sep 13, 2026

 

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আসাদুজ্জামান (৩৩) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই বাংলাদেশী গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) ভোর প্রায় ৪টার দিকে পীরগঞ্জ উপজেলার চান্দেরহাট বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩৩৩-এর নিকটবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আসাদুজ্জামান পীরগঞ্জ উপজেলার দক্ষিণ ইন্দ্রইল গ্রামের ওয়াজ উদ্দীনের ছেলে। তিনি বাবা-মায়ের একমাত্র সন্তান বলে স্থানীয় সূত্রে জানা গেছে। গুলিবিদ্ধ আহতরা হলেন উপজেলার উত্তর ইন্দ্রইল গ্রামের আহেদ আলীর ছেলে মোস্তাকিম এবং একই এলাকার মুনষা নারায়ণের ছেলে শ্রী উদা। তারা বর্তমানে ভারতে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। স্থানীয় ও বিজিবি সূত্রে জানা যায়, শনিবার ভোরে সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে আসাদুজ্জামান গুরুতর আহত হন। পরে তাকে ভারতের কালিয়াগঞ্জ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার বিস্তারিত জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে বাংলাদেশে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *