চাঁদার দাবিতে হাতুড়িপেটার পর চিকিৎসাধীন অবস্থায় উজ্জলের মৃত্যু-অভিযুক্ত রাজু মেম্বার, এলাকায় ক্ষোভ

চাঁদার দাবিতে হাতুড়িপেটার পর চিকিৎসাধীন অবস্থায় উজ্জলের মৃত্যু-অভিযুক্ত রাজু মেম্বার, এলাকায় ক্ষোভ

Sep 4, 2026

 

নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর মান্দায় চাঁদা না দেওয়ায় হাতুড়িপেটার শিকার সারওয়ার জাহান উজ্জল (৪৫) অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন। প্রায় পাঁচ মাস রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) মৃত্যুর সঙ্গে লড়াই করে শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত সারওয়ার জাহান উজ্জল মান্দা উপজেলার চকভোলাই গ্রামের বাসিন্দা। স্থানীয় বাসিন্দা ও নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, কালীগ্রাম এলাকায় একটি বসতবাড়ি কেনার পর থেকেই স্থানীয় রাজু মেম্বার ও তার সহযোগীরা উজ্জলের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। তবে উজ্জল চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তার ওপর হামলা চালানো হয় বলে স্বজনদের অভিযোগ। ঘটনার সূত্রপাত গত ২২ মার্চ দুপুরে। ওই দিন রাজু মেম্বারের নেতৃত্বে ১০ থেকে ১২ জনের একটি দল উজ্জলকে তুলে কালীগ্রাম উপস্বাস্থ্য কেন্দ্রের পেছনে নিয়ে যায় বলে অভিযোগ। সেখানে তাকে হাতুড়ি দিয়ে মারধর করে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে যাওয়া হয়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে দীর্ঘ প্রায় পাঁচ মাস ধরে চিকিৎসাধীন ছিলেন উজ্জল। অবস্থার অবনতি হলে হাসপাতালেই মৃত্যুবরণ করেন তিনি। উজ্জলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম। এদিকে উজ্জলের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে। একই সঙ্গে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ ও অসন্তোষ। নিহতের স্বজন ও এলাকাবাসী ঘটনার প্রধান অভিযুক্ত রাজু মেম্বারসহ জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর উজ্জলের মৃত্যুর ঘটনায় হামলার সঙ্গে জড়িত প্রত্যেক ব্যক্তির ভূমিকা তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *