আখাউড়ায় ৪ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

মস্ত মিয়া
জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া :
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৪ কেজি গাঁজাসহ মো. রাকিব চৌধুরী (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে আখাউড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের খালাজুরা এলাকায় সুলতানপুর-আখাউড়া চেকপোস্ট সড়কে তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রাকিব চৌধুরী উপজেলার তারাগন গ্রামের ইব্রাহিম চৌধুরীর ছেলে। বর্তমানে তিনি আখাউড়া পৌর এলাকার মালদারপাড়ায় ভাড়া বাসায় বসবাস করেন। আখাউড়া থানা পুলিশ জানায়, বিশেষ মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এসআই এমরান হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল খালাজুরা এলাকায় তল্লাশি চালায়। এ সময় রাকিব চৌধুরীকে আটক করে তার কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পুলিশ আরও জানায়, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফের নির্দেশনায়, কসবা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. নাজমুস সাকিবের দিকনির্দেশনায় এবং আখাউড়া থানার ওসি মো. জাবেদ উল ইসলামের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়। এ ঘটনায় রাকিব চৌধুরীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।