ঐক্যের আহ্বান জানালেন অ্যাডভোকেট এ এন এম ঈসা

ঐক্যের আহ্বান জানালেন অ্যাডভোকেট এ এন এম ঈসা

Jun 9, 2026

 

অফিস ডেস্ক:-

৮ জুন : “ডিভাইড অ্যান্ড রুল” বা ‘বিভক্ত করো এবং শাসন করো’ নীতির বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন দেশবন্ধু রেমিট্যান্স যোদ্ধা সংসদের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় আহ্বায়ক অ্যাডভোকেট এ এন এম ঈসা।
তার একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচিত হওয়ার পর দেশ-বিদেশের সদস্য, প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা, শুভাকাঙ্ক্ষী ও নাগরিক প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ আহ্বান জানানো হয়।
সভায় বক্তারা বলেন, ইতিহাসে “Divide and Rule” নীতি বহু জাতি, সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করেছে। অন্যদিকে ঐক্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহযোগিতার মনোভাব জাতিকে শক্তিশালী ও সমৃদ্ধ করেছে। তারা অ্যাডভোকেট এ এন এম ঈসার “United We Stand, Divided We Fall” বক্তব্যের প্রতি সর্বসম্মত সমর্থন জানান।
সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্তসমূহের মধ্যে ছিল জনগণের মধ্যে বিভেদ সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করা, জাতীয় ঐক্য বিনষ্টকারী কর্মকাণ্ডকে দেশের অগ্রগতির পরিপন্থী হিসেবে বিবেচনা করা এবং দেশপ্রেম, মানবতা, সম্প্রীতি ও উন্নয়নের চেতনাকে শক্তিশালী করা।
সদস্য সচিব এম এ রউফ (কাতার) বলেন, ব্যক্তি বা মতের ভিন্নতা থাকলেও বাংলাদেশের উন্নয়ন, শান্তি, স্থিতিশীলতা, শিক্ষা, সংস্কৃতি ও অর্থনৈতিক সমৃদ্ধির প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
সভা শেষে অ্যাডভোকেট এ এন এম ঈসা বলেন, “ঐক্য একটি জাতির সবচেয়ে বড় শক্তি। বিভক্ত জাতি কখনো দীর্ঘমেয়াদে সফল হতে পারে না। তাই আসুন, আমরা বিভেদ নয়, ঐক্যের রাজনীতি করি; সংঘাত নয়, সহযোগিতার সংস্কৃতি গড়ে তুলি।”
অনুষ্ঠানে দেশবন্ধু রেমিট্যান্স যোদ্ধা সংসদের বিভিন্ন দেশের আহ্বায়ক, সদস্য সচিব, কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং প্রবাসী প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *