রাজশাহীতে পথের ক্ষুধার্ত কুকুরের পাশে ‘মানবতার মা’ কাজল রেখা

রাজশাহীতে পথের ক্ষুধার্ত কুকুরের পাশে ‘মানবতার মা’ কাজল রেখা

Nov 14, 2026

রাজশাহী প্রতিনিধিঃ

রাজশাহী নগরীর সপুরা (১৫ নম্বর ওয়ার্ড) এলাকায় পথের অবলা ও ক্ষুধার্ত কুকুরদের নিয়মিত খাবার খাইয়ে অনন্য মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন কাজল রেখা নামের এক নারী। স্থানীয়দের কাছে ইতোমধ্যেই তিনি পশুপ্রেমী ও ‘মানবতার মা’ হিসেবে পরিচিতি লাভ করেছেন। সরেজমিনে দেখা যায়, প্রতিদিন নির্দিষ্ট সময়ে সপুরা এলাকার অলিগলি ও রাস্তার ধারে থাকা অর্ধাহারী-অনাহারী কুকুরগুলোর জন্য নিজ উদ্যোগে খাবার নিয়ে হাজির হন কাজল রেখা। তার ডাক শোনামাত্রই এলাকার পথকুকুরগুলো পরম নির্ভরতায় তার চারপাশে জড়ো হয়। তিনি পরম মমতায় ও নিজ হাতে তাদের খাবার পরিবেশন করেন। কাজল রেখা জানান, মানুষের মতোই এসব অবলা প্রাণীরও ক্ষুধা ও কষ্ট আছে, কিন্তু তারা মুখ ফুটে কিছু বলতে পারে না। রাস্তার ধারে কুকুরগুলোকে খাবারের সন্ধানে ঘুরে বেড়াতে দেখে তার মনে মায়া জন্মায়। সেই মানবিক তাড়না থেকেই তিনি ব্যক্তিগত সামর্থ্য অনুযায়ী নিয়মিত তাদের খাবারের ব্যবস্থা করে আসছেন। শুধু খাবার দেওয়াই নয়, কোনো কুকুর অসুস্থ বা আহত হলে তিনি সাধ্যমতো তাদের প্রাথমিক চিকিৎসারও ব্যবস্থা করেন।
​সপুরা ১৫ নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দারা কাজল রেখার এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন। এলাকাবাসীর মতে, যান্ত্রিক এই শহরে যখন অনেকেই পশুপাখির প্রতি নির্দয় আচরণ করেন, তখন কাজল রেখার এমন নিঃস্বার্থ ভালোবাসা সমাজে ইতিবাচক বার্তা দিচ্ছে। তার এই মহতী কাজ দেখে এলাকার তরুণ ও সাধারণ মানুষও অবলা প্রাণীদের প্রতি সহানুভূতিশীল হতে অনুপ্রাণিত হচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *