এলপি গ্যাসের ওপর ৭.৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার, দাম কমার আশা
অফিস ডেস্ক :
এলপি গ্যাসের ওপর প্রদেয় ভ্যাট কমিয়েছে সরকার। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ড-এর জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ গণমাধ্যমকে এ তথ্য জানান।
এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিদ্যমান ব্যবস্থায় এলপি গ্যাসের স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে ৭.৫ শতাংশ ভ্যাট এবং আমদানি পর্যায়ে ২ শতাংশ আগাম কর দিতে হতো। শিল্পখাত ও গৃহস্থালি কাজে ব্যবহৃত অপরিহার্য এই পণ্যের বাজার স্থিতিশীল রাখা এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে সরকার জনস্বার্থে এলপি গ্যাসের ওপর প্রদেয় ভ্যাট হ্রাসের সিদ্ধান্ত নেয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর আবেদন এবং জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়-এর সুপারিশের পরিপ্রেক্ষিতে সরকার ১৬ ফেব্রুয়ারি পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করে। এসব প্রজ্ঞাপনের মাধ্যমে আগামী ৩০ জুন পর্যন্ত উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে ৭.৫ শতাংশ ভ্যাট এবং আমদানি পর্যায়ে ২ শতাংশ আগাম কর প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে আমদানি পর্যায়ে ৭.৫ শতাংশ ভ্যাট আরোপ করা হয়েছে।
এর ফলে এলপিজি আমদানির পর স্থানীয় উৎপাদন ও বিক্রয় পর্যায়ে যে মূল্য সংযোজন হয়, তার ওপর আর কোনো ভ্যাট কার্যকর থাকছে না। প্রজ্ঞাপন কার্যকরের ফলে এলপি গ্যাস ক্রয়ের ক্ষেত্রে ভোক্তা পর্যায়ে পূর্বের তুলনায় প্রায় ২০ শতাংশ মূসকভার কমবে বলে আশা করা হচ্ছে।