জামায়াত আমিরকে প্রধান উপদেষ্টার বার্তা

জামায়াত আমিরকে প্রধান উপদেষ্টার বার্তা

অফিস ডেস্ক :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মর্যাদাপূর্ণ ফলাফল অর্জন করায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান-কে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
শনিবার (১৪ জানুয়ারি) পাঠানো এক বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনার নেতৃত্বে দলীয় প্রার্থীদের সক্রিয় ও ব্যাপক অংশগ্রহণ, দৃঢ় প্রতিদ্বন্দ্বিতা এবং ফলাফলকে শান্ত ও মর্যাদাপূর্ণভাবে গ্রহণ করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
বার্তায় তিনি উল্লেখ করেন, নির্বাচনী প্রচারপর্ব থেকে শুরু করে ফলাফল ঘোষণার পরবর্তী সময় পর্যন্ত জামায়াত আমিরের রাজনৈতিক শিষ্টাচার, সংযম, দায়িত্বশীল বক্তব্য এবং কর্মীদের প্রতি শান্তিপূর্ণ আচরণের আহ্বান দেশের সামগ্রিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
প্রধান উপদেষ্টা আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালনকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী যে গঠনমূলক সমর্থন, পরামর্শ ও সহযোগিতা দিয়েছে, তার জন্য তিনি বিশেষভাবে কৃতজ্ঞ।
তিনি বলেন, বাংলাদেশ বর্তমানে এক গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে। বৈশ্বিক অর্থনীতি, প্রযুক্তিগত রূপান্তর, জলবায়ু পরিবর্তন, মানবসম্পদ উন্নয়ন ও সামাজিক ন্যায়বিচারের মতো বিষয়ে আমাদের সামনে নানা চ্যালেঞ্জ ও সম্ভাবনা রয়েছে। এই প্রেক্ষাপটে গণতন্ত্রকে আরও শক্তিশালী ও প্রাতিষ্ঠানিকভাবে সুসংহত করতে সরকার ও বিরোধী দলের দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য।
প্রধান উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করে বলেন, ডা. শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াতে ইসলামী একটি গঠনমূলক ও দায়িত্বশীল বিরোধী শক্তি হিসেবে জাতীয় সংসদ ও রাজনৈতিক অঙ্গনে কার্যকর ভূমিকা রাখবে। নীতিগত বিতর্ক, আইন প্রণয়নে পরামর্শ এবং জনগণের প্রত্যাশা তুলে ধরার মাধ্যমে একটি ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
বার্তার শেষাংশে তিনি বলেন, জাতীয় ঐক্য সুসংহত করতে জামায়াত আমির অতীতে যে ভূমিকা রেখেছেন, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে তার দৃঢ় বিশ্বাস। একই সঙ্গে তিনি ডা. শফিকুর রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *