ভোটগ্রহণ শেষ: প্রাথমিক প্রতিক্রিয়ায় যা বলল ১১ দলীয় জোট

ভোটগ্রহণ শেষ: প্রাথমিক প্রতিক্রিয়ায় যা বলল ১১ দলীয় জোট

অফিস ডেস্ক :
সারাদেশে উৎসবমুখর পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন এবং সংবিধান সংস্কার বিষয়ে বহুল আলোচিত ঐতিহাসিক গণভোট অনুষ্ঠিত হয়েছে বলে দাবি করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে জোটের প্রাথমিক প্রতিক্রিয়া তুলে ধরেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।
তিনি বলেন, “সব ধরনের উদ্বেগ ও উৎকণ্ঠাকে ব্যর্থ করে দিয়ে বিপুল সংখ্যক মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আজকের ভোটকে সফল করেছে। দেশবাসী প্রমাণ করেছে—সাধারণ মানুষের সক্রিয় উপস্থিতিতেই নির্বাচন উৎসবমুখর হয়ে ওঠে।”
একটি ‘অসাধারণ’ নির্বাচন উপহার দিতে সংশ্লিষ্ট সবার আন্তরিক প্রচেষ্টা ও সহযোগিতার জন্য তিনি দেশবাসী, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, জনগণের রায়ের সঠিক প্রতিফলন ঘটাতে সবার সম্মিলিত প্রচেষ্টা ছিল দৃশ্যমান।
নির্বাচনী ফলাফল নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, “আমরা দৃঢ়ভাবে আশাবাদী যে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট এই নির্বাচনে বিজয়ী হবে এবং আগামীতে সরকার গঠন করবে।”
এর আগে বিকেলে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক বার্তায় নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেন। তিনি বলেন, “পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশের আগ পর্যন্ত কেউ যেন ভোটকেন্দ্র ত্যাগ না করেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *