ভোটকেন্দ্রে মোবাইল নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে ইসি ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদ ইসলামের

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই নিষেধাজ্ঞা সাধারণ ভোটারের পাশাপাশি সাংবাদিকদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে বলে নির্দেশনায় জানানো হয়েছে।
ইসির এ সিদ্ধান্তকে কেন্দ্র করে দেশজুড়ে চলছে আলোচনা ও সমালোচনা। এর মধ্যেই ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধের বিধি পরিবর্তন না করলে নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা-১১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে ১১ দলের নির্বাচনি জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল নেওয়া যাবে না—এই বিধি ইসি কোথা থেকে এনেছে আমরা জানি না। কার নির্দেশনায় কমিশন কাজ করছে, তা এখন জনগণের কাছে স্পষ্ট।”
নাহিদ ইসলাম বলেন, “আজ সন্ধ্যার মধ্যে এই বিধি পরিবর্তন করতে হবে। অন্যথায় মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন ঘেরাও করা হবে।”
তিনি আরও বলেন, “নির্বাচনের দ্বারপ্রান্তে এসে ভোট কারচুপি, মিডিয়াকে ব্ল্যাকআউট এবং জনগণের তথ্য অধিকার খর্ব করার কোনো আইন মেনে নেওয়া হবে না।”
নির্বাচন কমিশনকে সতর্ক করে তিনি বলেন, “১২ ফেব্রুয়ারির নির্বাচনে যদি কোনো ধরনের পক্ষপাতিত্বের পরিকল্পনা থাকে, তবে অতীতের ফ্যাসিস্ট আমলের নির্বাচন কমিশনের চেয়েও ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে।”