বগুড়ায় শহীদ হাদি হত্যার বিচার ও ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন
স্টাফ রিপোর্টার :
বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় আধিপত্যবাদ বিরোধী জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম মহানায়ক শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে এবং ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (৭ই ফেব্রুয়ারি) দুপুরে সরকারি আজিজুল হক কলেজের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাতমাথা এলাকায় সমবেত হন। এসময় তারা “উই ওয়ান্ট জাস্টিস”, “ইনকিলাব জিন্দাবাদ” সহ বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, জুলাই বিপ্লবের বীর শহীদ শরিফ ওসমান হাদিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। দীর্ঘ সময় অতিবাহিত হলেও এখন পর্যন্ত এই নৃশংস হত্যাকাণ্ডের প্রকৃত বিচার সম্পন্ন হয়নি। তারা অনতিবিলম্বে খুনিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসঙ্গে বক্তারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপ ও সীমান্ত আগ্রাসনের তীব্র নিন্দা জানান।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, একটি মহল জুলাই বিপ্লবের অর্জনকে নস্যাৎ করতে এবং দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে মরিয়া হয়ে উঠেছে। তারা স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। আধিপত্যবাদী যে কোনো শক্তির বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীরা অতন্দ্র প্রহরীর মতো রাজপথে থাকবে।
কর্মসূচি শেষে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন, যা শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো প্রদক্ষিণ করে পুনরায় সরকারি আজিজুল হক কলেজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। মানববন্ধনে কলেজের বিভিন্ন বর্ষের কয়েকশ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।