এলপি গ্যাসের দামে সুখবর দিলো সরকার

এলপি গ্যাসের দামে সুখবর দিলো সরকার

খুচরা বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)–এর দাম শিগগিরই কমতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ সুখবর দেন।
প্রেস সচিব জানান, এলপি গ্যাসের স্থানীয় উৎপাদন ও ব্যবসায়িক পর্যায়ে আরোপিত ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট এবং ২ শতাংশ আগাম কর অব্যাহতির প্রস্তাব সরকার অনুমোদন করেছে। একই সঙ্গে এলপি গ্যাসের আমদানি পর্যায়ে ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, এসব সিদ্ধান্তের ফলে এলপি গ্যাস খাতে সামগ্রিক করভার কমবে। এর প্রভাব হিসেবে স্থানীয় বা খুচরা বাজারে এলপি গ্যাসের দাম কমতে পারে বলে সরকার আশা করছে।
উল্লেখ্য, সর্বশেষ সোমবার (২ ফেব্রুয়ারি) ভোক্তা পর্যায়ে এলপিজির দাম বাড়ানো হয়। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৫৬ টাকা নির্ধারণ করে।
বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, জানুয়ারি মাসে ১২ কেজি এলপিজির দাম ছিল ১ হাজার ৩০৬ টাকা, যা ফেব্রুয়ারিতে বাড়িয়ে ১ হাজার ৩৫৬ টাকা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *