আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুলের মৃত্যুদণ্ড

আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুলের মৃত্যুদণ্ড

ক্রাইম রিপোর্টার:
জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়ার ৬টি মরদেহ পোড়ানোসহ সাতজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুলের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারপতি নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
এই রায়ের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ সরকারের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ সংক্রান্ত মামলার তৃতীয় রায় ঘোষণা হলো। এর আগে গত রবিবার (১ ফেব্রুয়ারি) রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করেন আদালত।
রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে গত ২০ জানুয়ারি মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখা হয়। তারও আগে ১৪ ও ১৫ জানুয়ারি রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম এবং চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম যুক্তিতর্ক উপস্থাপন করেন।
পরবর্তীতে আসামিপক্ষের হয়ে যুক্তিতর্ক উপস্থাপন করেন আইনজীবী সৈয়দ মিজানুর রহমান ও এস এম মিরাজুল আলম আজমান।
গ্রেপ্তার ও পলাতক আসামিরা
এ মামলায় গ্রেপ্তার হওয়া আসামিরা হলেন—ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, পরিদর্শক মো. আরাফাত হোসেন, এসআই আব্দুল মালেক, এসআই আরাফাত উদ্দিন, এএসআই কামরুল হাসান, শেখ আবজালুল হক ও কনস্টেবল মুকুল চোকদার।
তবে সাবেক এমপি সাইফুলসহ মোট আটজন আসামি এখনো পলাতক রয়েছেন।
বিচার কার্যক্রম
গত বছরের ২১ আগস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়, যার মাধ্যমে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়। সে সময় আদালতে উপস্থিত আট আসামির মধ্যে সাতজন নিজেদের নির্দোষ দাবি করেন। তবে এসআই শেখ আবজালুল হক দোষ স্বীকার করে রাজসাক্ষী হিসেবে আদালতে সাক্ষ্য প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *