বাগমারায় সুদের টাকা লেনদেনকে কেন্দ্র করে বন্ধুর হাতে বন্ধু খুন দুই আসামি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধারে অভিযান

স্টাফ রিপোর্টার, রাজশাহী:
রাজশাহীর বাগমারা উপজেলায় সুদের টাকা লেনদেনকে কেন্দ্র করে মাহাবুর রহমান নামের এক যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের ঘনিষ্ঠ বন্ধু উজ্জ্বল হোসেন ওরফে কাজল (৪০) এবং তার মামা মোয়াজ্জেম হোসেন (৪২)–কে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাতে হাটগাঙ্গোপাড়া তদন্ত কেন্দ্রের পুলিশ বাগমারার ঢাকের মোড় এলাকা থেকে উজ্জ্বল হোসেন ওরফে কাজল এবং তার মামাকে গ্রেপ্তার করে। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
গ্রেপ্তার উজ্জ্বল হোসেন ওরফে কাজল নরদাশ ইউনিয়নের পানিয়া গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি বাগমারার একটি বেসরকারি এনজিও ‘আশারা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি’র নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে কাজল সুদের টাকা লেনদেনকে কেন্দ্র করে মাহাবুর রহমানকে হত্যার কথা স্বীকার করেছেন। এ হত্যাকাণ্ডে তার মামা মোয়াজ্জেম হোসেনসহ আরও কয়েকজন জড়িত রয়েছে বলেও তিনি জানান।
মঙ্গলবার সকালে হাটগাঙ্গোপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যমতে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধারের জন্য ঘটনাস্থলের পাশের একটি জলাশয়ে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, মাহাবুর রহমান গত বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টার দিকে নরদাশ ইউনিয়নের ঢাকের মোড় এলাকায় অবস্থিত সমিতির কার্যালয় থেকে নিখোঁজ হন। ওই সময় সমিতির সভাপতি সাদ্দাম হোসেনও কার্যালয়ে উপস্থিত ছিলেন।
পরদিন শুক্রবার দুপুরে জুমার নামাজের পর হাট বাইগাছা–ভবানীগঞ্জ সড়কের রামপুর গ্রামের তিন মাথার মোড় সংলগ্ন একটি কলাবাগানের ভেতর থেকে মাহাবুর রহমানের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিহতের বড় ভাই জেকের আলী বাদী হয়ে অজ্ঞাতনামা ৪–৫ জনকে আসামি করে বাগমারা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে সমিতির সভাপতি সাদ্দাম হোসেন এবং তার সহযোগী মাধনগর গ্রামের মাছচাষী লালুকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।