কালীগঞ্জে রাজমিস্ত্রীর লাশ উদ্ধার, হত্যার অভিযোগ

গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় এক রাজমিস্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম ইলিয়াস শেখ (২৫)। তিনি জামালপুর ইউনিয়নের ছৈলাদি গ্রামের শরীফ শেখের ছেলে।
রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে বাহাদুরসাদী ইউনিয়নের দক্ষিণবাগ গ্রামের কোরুইল্লারটেক ব্রিজের নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরে পরিবারের সদস্যরা লাশটি সনাক্ত করেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকালে দক্ষিণবাগ–ছৈলাদি সড়কের কোরুইল্লারটেক ব্রিজের নিচে পানিতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা কালীগঞ্জ থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুপুরে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে থানায় নিয়ে যায়।
নিহতের মা লাইলি বেগম জানান, গত ৩১ জানুয়ারি রাত আনুমানিক ৯টার দিকে ইলিয়াসের মোবাইলে একটি ফোনকল আসে। কলটি রিসিভ করে কথা বলতে বলতে সে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর আর বাড়ি ফেরেনি। পরদিন সকালে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। দুপুরে ব্রিজের নিচে লাশ পাওয়ার খবর পেয়ে সেখানে গিয়ে তিনি ছেলের লাশ সনাক্ত করেন।
তিনি আরও বলেন, “আমার ছেলে রাজমিস্ত্রীর কাজ করতো। তার কারও সঙ্গে কোনো শত্রুতা ছিল না। কে বা কারা আমার ছেলেকে হত্যা করে লাশ পানিতে ফেলে রেখেছে। আমি এই হত্যাকাণ্ডের সঠিক বিচার চাই।”
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বলেন, “নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এটি একটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। প্রকৃত ঘটনা উদঘাটনে তদন্ত চলছে।”
তিনি আরও জানান, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে গাজীপুর পিবিআই ও র্যাব ছায়া তদন্ত শুরু করেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য বিকেলে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।