বাগমারায় কলাবাগান থেকে গলাকাটা লাশ উদ্ধার, এলাকায় চরম আতঙ্ক

বাগমারায় কলাবাগান থেকে গলাকাটা লাশ উদ্ধার, এলাকায় চরম আতঙ্ক

স্টাফ রিপোর্টার (রাজশাহী)
রাজশাহীর বাগমারা উপজেলায় একটি কলাবাগান থেকে মাহাবুর (৪০) নামে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের রামপুর–বাইগাছা মোড় সংলগ্ন কলাবাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত মাহাবুর বাগমারার ২ নম্বর নরদাশ ইউনিয়নের হাটমাধনগর এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল আনুমানিক ১১টার দিকে কলাবাগানের ভেতর একটি মোবাইল ফোনের রিং শুনে এক পথচারী সেখানে যান। ফোনটি রিসিভ করলে জানা যায়, সেটি মাহাবুরের। এরপর আশপাশে খোঁজ নিতে গিয়ে কলাবাগানের ভেতরে গলাকাটা অবস্থায় এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখা যায়।
খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে জড়ো হন এবং হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে বিষয়টি জানান। পরে পুলিশ বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
পুলিশ জানায়, প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) রবিউল ইসলাম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে তিনি বলেন, প্রাথমিকভাবে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে সুনির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি। তবে এনজিও সংক্রান্ত টাকা লেনদেন নিয়ে কারো সঙ্গে দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। মামলা দায়ের হলে তদন্ত সাপেক্ষে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *