সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মদ আটক

সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মদ আটক

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গত ২৪ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি ২০২৬ পর্যন্ত সকাল ৯টা ৪৫ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের নারায়নতলা বিওপি কর্তৃক সীমান্ত পিলার ১২১২/৭-এস থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ‘শহীদ মিনার’ নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় ৮৫ বোতল ভারতীয় মদ আটক করা হয়। যার সিজার মূল্য ১ লাখ ২৭ হাজার ৫০০ টাকা।

এছাড়া বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের মাছিমপুর বিওপি কর্তৃক সীমান্ত পিলার ১২০৮/৪-এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ‘সোনাতলা’ নামক স্থান থেকে ৯৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। যার সিজার মূল্য ১ লাখ ৪২ হাজার ৫০০ টাকা।

এ অভিযানে সর্বমোট ১৮০ বোতল ভারতীয় মদ আটক করা হয়েছে, যার মোট সিজার মূল্য ২ লাখ ৭০ হাজার টাকা।

এ বিষয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধিনায়ক বলেন, “উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা সর্বোচ্চ পর্যায়ে অব্যাহত রয়েছে।”

তিনি আরও জানান, আটককৃত ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সুনামগঞ্জে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *