নরসিংদীর শিবপুরে মাটির নিচ থেকে বিপুল পরিমাণ গুলি উদ্ধার
আবুনাঈম রিপন | নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর শিবপুর উপজেলায় মাটির নিচ থেকে বিপুল পরিমাণ গুলি উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৪ জানুয়ারি) শিবপুর উপজেলার ভরতেরকান্দি এলাকার হাজী গিয়াসউদ্দিন মোল্লার বাড়ির উঠানে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির উঠানে শিশুরা ক্রিকেট ব্যাট দিয়ে খেলাধুলা করার সময় মাটির নিচে পুঁতে রাখা গুলি বেরিয়ে আসে। বিষয়টি দেখে এলাকাবাসী তাৎক্ষণিকভাবে শিবপুর মডেল থানায় খবর দেন।
সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাটির নিচ থেকে গুলিগুলো উদ্ধার করে জব্দ করে। পরে উদ্ধারকৃত গুলি শিবপুর মডেল থানায় নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কোহিনুর মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলি উদ্ধার করেছে। গুলিগুলো কীভাবে সেখানে এলো এবং কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।”
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে।