নরসিংদীতে জমি বিরোধের জেরে সাংবাদিকের ওপর হামলা, মামলা দায়ের

নিজস্ব প্রতিবেদক | নরসিংদী
নরসিংদীর মনোহরদী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এক সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত সাংবাদিকের নাম মহসীন রহমান। তিনি জাতীয় দৈনিক মানবাধিকার প্রতিদিন পত্রিকার স্টাফ রিপোর্টার।
বৃহস্পতিবার (আজ) দুপুর আনুমানিক ১৭:১৫ মিনিটে মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের কোচের চর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুর্বৃত্তরা সাংবাদিক মহসীন রহমানের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাকে মারধর করা হলে তার মাথা ফেটে যায় এবং দুই হাতের আঙুলে গুরুতর জখম হয়।
আহত সাংবাদিক জানান, গত ৮–১০ বছর ধরে একটি জমি নিয়ে তাকে হয়রানি করা হচ্ছে এবং এ পর্যন্ত তার বিরুদ্ধে ছয়টি মামলা দায়ের করা হয়েছে। তিনি দাবি করেন, সবগুলো মামলাই আইনগতভাবে তার পক্ষে নিষ্পত্তি হয়েছে। সর্বশেষ জরিপে তিনি রেকর্ডভুক্ত মালিক হিসেবে স্বীকৃতি পেয়েছেন এবং সংশ্লিষ্ট নামজারি, খতিয়ান ও ভূমি উন্নয়ন কর পরিশোধের সব বৈধ কাগজপত্র তার কাছে রয়েছে। বিভিন্ন সময়ে মনোহরদী ম্যাজিস্ট্রেট আদালত ও সিভিল জজ আদালতেও তার পক্ষে আদেশ প্রদান করা হয়েছে।
হামলার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসক সূত্রে জানা গেছে, তার মাথায় ৬টি সেলাই, ডান হাতের আঙুলে ৪টি সেলাই দেওয়া হয়েছে। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
ঘটনার পর সাংবাদিক মহলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। সাংবাদিক নেতারা বলেন, স্বাধীন সাংবাদিকতার ওপর এ ধরনের হামলা গণমাধ্যমের জন্য হুমকিস্বরূপ। তারা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ ঘটনায় মনোহরদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
হামলার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বর্তমানে উত্তেজনা বিরাজ করছে।