সিংড়ায় কলেজ শিক্ষককে নৃশংসভাবে হত্যা, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগে বৃদ্ধা নিহত

সিংড়ায় কলেজ শিক্ষককে নৃশংসভাবে হত্যা, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগে বৃদ্ধা নিহত

সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ

নাটোরের সিংড়া উপজেলায় রেজাউল করিম (৫৩) নামে এক কলেজ শিক্ষককে গলা কেটে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি সিংড়া উপজেলা জিয়া পরিষদের সদস্য ও বিলহালতি ত্রিমোহনী কলেজের সহকারী অধ্যাপক ছিলেন। এ ঘটনায় খুনি সন্দেহে অভিযুক্ত ব্যক্তির বাড়িতে বিক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগে ছাবিহা (৭৫) নামে এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কলম ইউনিয়নের কুমারপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.স.ম. আব্দুন নূর।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার রাত আনুমানিক ১০টার দিকে শিক্ষক রেজাউল করিম নিজ বাড়ি থেকে তার মাছ চাষের পুকুর দেখতে যান। রাত সাড়ে ১১টার দিকে দুর্বৃত্তরা তাকে সেখানে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে রাতেই খুনি সন্দেহে ওই গ্রামের ওহাব আলীর বাড়িতে বিক্ষুব্ধ জনতা অগ্নিসংযোগ করে। আগুন লাগার সময় বাড়ির সবাই বের হয়ে আসতে সক্ষম হলেও ছাবিহা নামের এক বৃদ্ধা নারী বের হতে না পারায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ.স.ম. আব্দুন নূর জানান, নিহত শিক্ষক ও বৃদ্ধা নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
এদিকে বিএনপি নেতা ও কলেজ শিক্ষক রেজাউল করিম হত্যার প্রতিবাদ এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এছাড়া এ হত্যাকাণ্ডের প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিলহালতি ত্রিমোহনী কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরাও পৃথক প্রতিবাদ সমাবেশ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *